নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বীরভূমের আমোদপুরে নেতাজি সুভাষ মেলার উদ্বোধনে এসে বিজেপিকে নিশানা করে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল।
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বীরভূমের আমোদপুরে নেতাজি সুভাষ মেলার উদ্বোধনে এসে বিজেপিকে নিশানা করে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল।
শুক্রবার মেলার উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বক্তব্য রাখেন। তিনি বলেন, আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। খুব শুনতে ভালো লাগছে। আবার একসঙ্গে দুঃখও লাগছে। এরপরেই কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগে তিনি বলেন, যারা আজ ঘটা করে নেতাজির জন্মদিন পালন করছে, তারাই আজ নেতাজির নাতিকে এসআইআর-এর শুনানিতে ডেকে পাঠাচ্ছে। তাঁর আক্ষেপ, এটা খুব দুঃখের ব্যাপার। ‘এ ভারতবর্ষ তুমি দেখো কী হতে চলেছে।’
এদিন বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ব্যাখ্যা করতে গিয়ে বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি বলেন, মায়ের পেটে যখন বাচ্চা থাকে, তখন সেই বাচ্চা মায়ের পেটে লাথ মারে। তখন কিন্তু মায়ের খুব ভালো লাগে। হেসে সবাইকে বলে যে আজ আমার ছেলে আমার পেটে লাথি মেরেছে। এরপরেই তিনি সুর চড়িয়ে বলেন, কিন্তু সেই সন্তান যখন বড় হয়ে মাকে লাথি মেরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, সেই কষ্ট ধরে রাখা যায় না। এই বার্তা কার উদ্দেশ্যে তার ব্যাখ্যা অনুব্রত না দিলেও রাজনৈতিক মহলের ধারণা, তৃণমূলের গদ্দারদের উদ্দেশ্যেই এই বার্তা দিয়েছেন অনুব্রত। যেসব নেতার একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় থেকে রাজনীতির হাতেখড়ি হয়েছে, বর্তমানে সেইসব নেতা উঠতে বসতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে চুরি মারার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে, এর বিচার জনসাধারণকেই করার ভার দেন অনুব্রত। সবশেষে বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে এবং দলীয় নেত্রীর প্রতি আস্থা জ্ঞাপন করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, যতই বলুন, একটা জিনিস খেয়াল করবেন— এই মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। এদিনের অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ এবং সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।