সংবাদদাতা, বোলপুর: আইসিকে ফোনে গালিগালাজ কাণ্ডে অবশেষে বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সোমবার সকালে তাঁর আইনজীবীরা আদালতে আগাম জামিনের আবেদন করেন। দুপুরে শুনানি শেষে বোলপুর আদালতের বিচারক বাণীব্রত দত্ত এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন। প্রসঙ্গত, গত ২৯মে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে গালিগালাজের একটি অডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। অনুব্রতর গ্রেপ্তারের দাবি তুলে বিরোধীরাও পথে নেমেছিল। জাতীয় মহিলা কমিশন রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব করে। জেলার পুলিস সুপার আমনদীপকে দিল্লিতে হাজিরাও দিতে ডাকা হয়েছিল।
গত ১জুন বোলপুর থানার পুলিস স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল। সরকারি কাজে বাধা, কর্তব্যরত কর্মীকে হুমকি, সরকারি কর্মচারীকে হেনস্তা প্রভৃতি ধারায় মামলা দায়ের হয়। এমনকী, কীভাবে দু’জনের কথোপকথনের অডিও বাইরে বেরল তা নিয়েও তদন্ত শুরু হয়। বোলপুর থানার আইসির দু’টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছিল। তদন্তকারী অফিসার তথা বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের কাছে হাজিরাও দিয়েছিলেন অনুব্রত। এদিন বোলপুর আদালতে আত্মসমর্পণ করেন অনুব্রত। দীর্ঘ শুনানি শেষে দুপুরে জামিন পান। সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল বলেন, অভিযুক্তকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিচারক। মামলার তদন্তকারী অফিসার কেস ডায়েরি আদালতে জমা দেননি। সরকারি আইনজীবীর দাবি, নোটিস কমপ্লাই হয়নি। তাছাড়া অন্য একটি মামলা সেশন কোর্টে বিচারাধীন রয়েছে। কেস ডায়েরি ছাড়া মামলার পূর্ণাঙ্গ অবস্থা আদালতে ব্যাখ্যা করা সম্ভব নয়। তবুও অভিযুক্ত অসুস্থ, বয়স হয়েছে। তিনি তদন্তে হাজিরা দিয়েছেন, এসব দিক বিবেচনা করেই বিচারক জামিন মঞ্জুর করেছেন। অনুব্রতর আইনজীবী নূপুর দত্ত বন্দ্যোপাধ্যায় বলেন, আমার মক্কেলের বয়স হয়েছে, উনি অসুস্থ। তারপরও সশরীরে আত্মসমর্পণ করেছেন। সেকারণে বিনা শর্তেই জামিন পেয়েছেন।