সংবাদদাতা, বর্ধমান: সিএবি পরিচালিত আন্তঃ বিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি ক্রিকেটে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে উঠল বর্ধমান। বৃহস্পতিবার নদীয়ার কল্যাণীতে বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে গ্রুপের শেষ ম্যাচে তারা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ৬ উইকেটে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১০৪ রান তোলে। দীপাঞ্জন ছেত্রী ৩২ রান করে অপরাজিত থাকেন। অনিমেষ ঘোষ ১৫ রান করেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হয়ে অভিষেক রায় ২৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়াও সুমিত দাস ও সৌম্যদীপ রায় যথাক্রমে ১৪ ও ২০ রান দিয়ে ২টি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে ১৪.৩ ওভারে ৪ উইকেটে ১০৬ রান তুলে ম্যাচ জিতে নেয় বর্ধমান বিশ্ববিদ্যালয়। দলের হয়ে অনিমিখ ঘোষ ৪২ রান করে অপরাজিত থাকেন। এছাড়াও অভ্র দাস ২৭ রান করেন। বিশ্বভারতীর হয়ে ইব্রাহিম খান ২১ রান দিয়ে ২টি উইকেট নেন।
Advertisement
এবারের প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশ নেয়। দলগুলিকে দু’টি ভাগে ভাগ করে খেলা হয়। এ-গ্রুপে ছিল বর্ধমান, রবীন্দ্রভারতী, যাদবপুর ও বিশ্বভারতী। বি-গ্রুপে ছিল কল্যাণী, টেকনোলজিক্যাল স্টুডেন্টস জিমখানা, কলকাতা ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। এ-গ্রুপের খেলাগুলি বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে হয়। বি-গ্রুপের খেলাগুলি আইআইটি খড়্গপুরের মাঠে আয়োজিত হয়। গ্রুপের তিনটি খেলাতেই বর্ধমান জিতেছে।



