নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টার ঘটনায় ব্যাহত হল যাত্রী পরিষেবা। রবিবার সন্ধ্যায় নেতাজি ভবন মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। যে কারণে এক ঘণ্টা স্তব্ধ রইল শহরের ‘লাইফলাইন’। ভরসন্ধ্যার ব্যস্ত সময়ে শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর রুটে এই বিপত্তিতে চূড়ান্ত দুর্ভোগের শিকার হলেন সাধারণ যাত্রীরা। জানা গিয়েছে, এদিন সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে নেতাজি ভবন মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটে। যাত্রীবোঝাই রেক নেতাজি ভবন স্টেশনে ঢোকার মুখে আচমকাই এক যাত্রী লাইনে ঝাঁপ দেন। চালক এমার্জেন্সি ব্রেক কষে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু ধাক্কা এড়াতে পারেননি। এই ঘটনায় স্টেশনে হাজির যাত্রীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত খবর যায় মেট্রোর কন্ট্রোল রুমে। আহত ব্যক্তিকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মীরা। তার আগেই ট্র্যাকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে মেট্রোর চাকা পুরোপুরি থমকে যায়।
যাত্রীদের অভিযোগ, আত্মহত্যার চেষ্টার ঘটনায় মেট্রো পরিষেবা বন্ধ থাকার ঘোষণা ঠিক সময়ে হয়নি। ফলে আপ-ডাউনের বিভিন্ন স্টেশনে টিকিট কেটে কিংবা কার্ড পাঞ্চ করে প্ল্যাটফর্মে হাজির হাজার হাজার যাত্রীকে ভুগতে হয়েছে। দীর্ঘক্ষণ পর মেট্রো চলাচলে এই বিঘ্নের খবর জানানো হয়। তারপরই টিকিট ফেরত কিংবা কার্ডে রাইড ফেরানোর লম্বা লাইন পড়ে স্টেশনে স্টেশনে। কর্মীর অভাবে রীতিমতো ধুঁকছে ভারতীয় রেলের আওতায় থাকা দেশের একমাত্র এই মেট্রো। স্টেশনগুলির অধিকাংশ টিকিট কাউন্টারই নিয়মিত বন্ধ থাকে। সপ্তাহিক ছুটির দিনের সন্ধ্যাবেলার এই ঘটনায় হাতে গোনা কয়েকটি কাউন্টারে থাকা কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বহু যাত্রী। বেশ কিছুক্ষণ পর নর্থ-সাউথ মেট্রো করিডরে আংশিকভাবে পরিষেবা চালু হয়। তবে ময়দান থেকে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) পর্যন্ত আপ-ডাউনে মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ রাখতে হয়। শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ ও ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বিক্ষিপ্ত রুটে কোনওরকমে পরিষেবা শুরু হয়।
সবচেয়ে বেশি সমস্যায় পড়েন ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রীরা। হাওড়া কিংবা সল্টলেকের দিক থেকে এসে এসপ্ল্যানেড স্টেশনে নেমে ব্লু লাইনের মেট্রো ধরতে কালঘাম ছুটে যায় তাঁদের। কারণ, ময়দান থেকে টালিগঞ্জ, গুরুত্বপূর্ণ অংশ বন্ধ থাকায় মাথার হাত পড়ে। ভুক্তভোগীদের অভিযোগ, মেট্রো স্টেশন থেকে বেরিয়ে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে বিকল্প পরিবহণ মাধ্যমে গন্তব্যে পৌঁছতে হয়েছে। মেট্রো রেলের দাবি, রাত সাড়ে ৭টার পর সম্পূর্ণ করিডরে পরিষেবা চালু হয়েছে। তবে যাত্রীদের বক্তব্য, পরিষেবা স্বাভাবিক হতে রাত ৯টা বেজে গিয়েছে।