নয়াদিল্লি: হরমুজে ফের পণ্যবাহী জাহাজে হামলায় আহত হলেন ১১ জন ভারতীয় নাবিক। মঙ্গলবার বিশ্বের জ্বালানি সরবরাহের এই রুটে পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলা চলে। তাতে ১১ জন ভারতীয় নাবিক সহ মোট ১২ জন আহত হন। ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওমানের উপকূলের কাছে ‘এমটি অন পিস’ নামে জাহাজটিতে হামলা হয়। সেটিতে মোট ১৯ জন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে ১৭ জন ভারতীয়। হামলায় ১২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১১ জন ভারতীয় নাগরিক। ঘটনাটির তীব্র নিন্দা করে ভারত জানিয়েছে, এই অঞ্চলে জাহাজে হামলার ঘটনা গভীর উদ্বেগের কারণ। বাণিজ্যিক জাহাজ, নাবিক এবং বেসামরিক পরিকাঠামোয় হামলা বন্ধ করতেই হবে। আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচল ও বাণিজ্য দ্রুত স্বাভাবিক করারও দাবি জানিয়েছে নয়াদিল্লি। ইতিমধ্যেই ওমানের কর্তৃপক্ষের সহায়তায় আহত নাবিকদের জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ওমানের খাসাব শহরের এক হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন। এর জন্য ওমানকে ধন্যবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক।



