• বলি পাড়ায় বিচ্ছেদের সুর। দুই চর্চিত যুগলের বিচ্ছেদ হয়েছে বলে গুঞ্জন ইন্ডাস্ট্রির অন্দরে। কারা তাঁরা? প্রথম, খুশি কাপুর ও বেদাং রায়না। দ্বিতীয়, বীর পাহাড়িয়া ও তারা সুতারিয়া। দুই জুটিকেই বড়দিন ও নতুন বছরের আবহে পার্টি করতে দেখা গিয়েছিল। আচমকা কেন তাঁদের সম্পর্কে চিড় ধরল, তা অবশ্য জানা যায়নি। বেদাং ও খুশির প্রেম প্রায় দু’বছরের। শোনা যায়, ‘আর্চিজ’ ছবির শ্যুটিং চলাকালীন তাঁদের সম্পর্কের সূত্রপাত। তারপর থেকেই একাধিক জায়গায় একত্রে দেখা যেত যুগলকে। পার্টি হোক বা রেস্তরাঁ— পাপারাৎজিদের ক্যামেরা এড়ায়নি তাঁদের একান্ত যাপন। তবে কখনও সম্পর্কের বিষয়ে গুঞ্জনে সিলমোহর দেননি তাঁরা। তবে গত বছর শেষের দিকে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সম্পর্কের বিষয়ে মুখ খোলেন তারা ও বীর। তাহলে কেন তাঁদের আচমকা বিচ্ছেদ হয়েছে বলে শোনা যাচ্ছে? কারণ স্পষ্ট কিছু জানা না গেলেও, একটি গুঞ্জন ঘুরপাক খাচ্ছে। সদ্য এপি ধিঁলোর কনসার্টে গিয়েছিলেন তারা। সেখানে ধিঁলোর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় অভিনেত্রীকে। তারপরই তারা ও বীরের সম্পর্কে জটিলতা তৈরি হয়েছে বলে জানা গিয়েছিল।



