ফের দিল্লিতে ভাঙল বাড়ি, শিশু সহ মৃত ২
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রায় ৫০ বছরের পুরনো বাড়ি। পিছন দিয়ে গিয়েছে রেললাইন। প্রতিনিয়ত ছুটছে ট্রেন। তারই কম্পনের জেরে বাড়িতে ফাটল দেখা দেয়।  এরপরই বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন আত্মীয়স্বজন-প্রতিবেশীরা। কর্ণপাত করেননি ওই বাড়ির বাসিন্দারা। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই দোতলা বাড়ি। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু তিন বছরের শিশু সহ দুজনের। জখম আরও চারজন। পূর্ব দিল্লি বিবেক বিহারের জ্বালা নগরের ঘটনা। গত তিন মাসে এনিয়ে চারটি বাড়ি ভেঙে পড়ল দিল্লিতে। একের পর এক এধরনের বিপর্যয়ে প্রশ্নের মুখে পড়েছে দিল্লির রেখা গুপ্তার সরকার। 

Advertisement

দমকল ও স্থানীয় সূত্রে খবর, বাড়িটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। বাড়ির পিছন দিয়ে রেললাইন যাওয়ায় ট্রেন চলাচলের কম্পনে দেওয়ালে ফাটল ধরে। মালিক সুরেন্দর সিংয়ের বিরুদ্ধে বাড়িটি মেরামতি না করার অভিযোগ উঠেছে। জেলাশাসক অজয় কুমার বলেন, এদিন বাড়ির ছাদের একটি অংশের কার্নিশ ভেঙে নীচের তলার ছাদের উপর পড়ে। এরপর মুহূর্তের মধ্যে পুরো বাড়ি ধসে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধারকাজ। ছ’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দেবাংশ নামে তিন বছরের এক শিশু এবং পিন্টু নামে ৩৫ বছরের যুবককে মৃত  ঘোষণা করা হয়। নিহতরা বাড়িটির ভাড়াটে পরিবারের সদস্য। 
ফের বাড়ি ভেঙে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। সেইসঙ্গে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের নির্দেশও দিয়েছেন। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে সত্য নিকেতনে পাঁচতলা একটি বাড়ি ভেঙে মৃত্যু হয়েছিল সাতজনের। এরপর গত ৫ নভেম্বর পুরনো দিল্লিতে নির্মীয়মাণ তিনতলা বাড়ি ভেঙে মৃত্যু হয় ছ’জনের। কিছুদিন পর ১৫ নভেম্বর পাহাড়গঞ্জে আরও একটি বাড়ি ভেঙে কয়েকজন জখম হয়। পরপর একই ঘটনায় রাজধানীর বাড়িগুলির রক্ষণাবেক্ষণ, নির্মাণকার্য ও পুরনো বাড়িগুলির উপর প্রশাসনের নজরদারির অভাব নিয়ে প্রশ্ন উঠছে।