নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: ফের চুরির ঘটনা ঘটেছে শিলিগুড়িতে। এবার শহরের সুকান্ত পল্লির একটি বাড়িতে হানা দিল দুষ্কৃতীরা। বুধবার ভোররাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে। নগদ ও গয়না মিলিয়ে চুরির অঙ্ক প্রায় তিন লক্ষ টাকা। সোনার দোকানে ডাকাতি এবং এটিএম লুটের পর এই ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সম্ভবত জানালা দিয়ে কিছু স্প্রে করে বাড়ির বাসিন্দাদের অচৈতন্য করে দিয়েছিল দুষ্কৃতীরা। এর পরে ওই জানালা দিয়েই ঘরে ঢোকে তারা। আলমারির লকার ভেঙে মূল্যবান বহু সামগ্রী নিয়ে চোরেরা চম্পট দিয়েছে। এর মধ্যে আছে সোনার গয়না ও নগদ টাকা। খবর পাওয়ার পরে ঘটনাস্থলে যায় এনজেপি থানার পুলিস। শুরু হয়েছে তদন্ত।
পুলিস সূত্রে জানা গিয়েছে, যে বাড়িতে চুরি হয়েছে সেই বাড়ির মালিক একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। তাঁর অভিযোগ, সোনার গয়না ও নগদ মিলিয়ে প্রায় ৩ লক্ষ টাকার চুরি করেছে দুষ্কৃতীরা। ‘অপারেশন’ সুষ্ঠু ভাবে চালাতে দুষ্কৃতীরা বাড়িতে ঘুম পাড়ানি কোনও কেমিক্যাল স্প্রে করেছিল বলে মনে হচ্ছে। পুলিস জানিয়েছে, বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।