Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের ঠাকুরপুকুরে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল আস্ত লরি

মাসখানেকের মধ্যে তিনবার দুর্ঘটনা। আগের দু’টি ঘটেছিল ঠাকুরপুকুর বাজারের ভিতর।

ফের ঠাকুরপুকুরে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল আস্ত লরি
  • ২২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাসখানেকের মধ্যে তিনবার দুর্ঘটনা। আগের দু’টি ঘটেছিল ঠাকুরপুকুর বাজারের ভিতর। মদ্যপ পরিচালকের গাড়ির ধাক্কায় এক পথচারির মৃত্যু হয়। অন্য দুর্ঘটনায় লরির ধাক্কায় জখম হয়েছিলেন দুই মহিলা। বুধবার কাকভোরে ফের ঠাকুরপুকুরে দুর্ঘটনা ঘটল। নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী গাড়িকে ধাক্কা মেরে সরাসরি দোকানে ঢুকে গেল বালিবোঝাই লরি। গুঁড়িয়ে যায় লরির সামনের অংশ। গুরুতর জখম হয়েছেন চালক। তাঁর নাম হাফিজুল মণ্ডল (৩২)। দক্ষিণ ২৪ পরগনার উস্তির বাসিন্দা তিনি। চালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে। পুলিস জানিয়েছে, তাঁর অবস্থা সঙ্কটজনক।

Advertisement

ঘড়ির কাঁটায় তখন ভোর ৪টে বেজে ২০ মিনিট। ঠাকুরপুকুর ৩-এ বাসস্ট্যান্ডের কাছে ডায়মন্ডহারবার রোড ও মহাত্মা গান্ধী রোডের সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হরিদেবপুর-কবরডাঙা থেকে বালিবোঝাই লরিটি ডায়মন্ডহারবার রোডের দিকে আসছিল। ৩-এ বাসস্ট্যান্ড ক্রসিংয়ে আগে থেকেই সিগন্যালে দাঁড়িয়েছিল আরও একটি পণ্যবাহী গাড়ি। ভোরের ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে ছুটছিল গাড়িটি। তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ধাক্কা মারে লরিটি। তাতেও থামেনি গাড়ি। পাশের একটি দোকানে ঢুকে যায় ভারী লরিটি। স্থানীয় ফুল ব্যবসায়ী সমীর মণ্ডল বলেন, ‘তখন সবে দোকান খোলার তোড়জোড় করছি। বিকট শব্দ পেয়ে ছুটে যাই। দেখি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। বালি বোঝাই লরিটির বনেট, ইঞ্জিন দুমড়ে মুচড়ে গিয়েছে। রক্তাক্ত অবস্থায় চালককে দেখতে পাই। আশপাশ থেকে আরও দোকানদার ছুটে আসেন।’ 
ব্যবসায়ীরাই পুলিসকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুরপুকুর থানার পুলিস ও ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের পুলিস। দু’টি পণ্যবাহী গাড়িকেই উদ্ধার করা হয়। দুর্ঘটনা কবলিত বালি বোঝাই লরি দরজা কেটে চালককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। পাঠানো হয় হাসপাতালে। প্রাথমিক তদন্তে পুলিস জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির গতি যে বেশি ছিল তা নিশ্চিত। তবে দুর্ঘটনার কারণ সম্ভবত ঠিক সময়ে লরির ব্রেক কাজ না করা। ব্রেক ফেলের জেরেই সামনের লরিকে সরাসরি ধাক্কা মারে বালিবোঝাই লরি। 
উল্লেখ্য, বছর দেড়েক আগে একটি বালিবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয় ঠাকুরপুকুর থানার এক কনস্টেবল। থানার সামনেই ডায়মন্ডহারবার রোডের উপর দুর্ঘটনাটি ঘটেছিল। সকালের ডিউটিতে যোগ দেওয়ার জন্য বাইকে চড়ে আসছিলেন ওই পুলিসকর্মী। সেই সময়েই পিছন থেকে ধাক্কা মারে পণ্যবাহী গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় কনস্টেবলের।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ