নরল্যান্ড: চলতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে চর্চার উঠে এসেছিল নরওয়ের ক্লাব বোডো। সেদিনের জয় যে ফ্লুক ছিল না, তা প্লে-অফের লড়াইয়ে প্রমাণ করলেন কেটিন কুটসেনের ছেলেরা। বুধবার ঘরের মাঠে ইন্তার মিলানকে ৩-১ গোলে হারাল তাঁরা। সেই সঙ্গে শেষ ষোলোর পথে এক পা বাড়িয়ে রাখল নরওয়ের ক্লাবটি। ম্যাচে বিজয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন স্যান্ড্রে ব্রুনস্টাড ফেট, জেন্স পিটার হজ ও কাসপার হগ। ইন্তারের একমাত্র গোলটি পিও এস্পোসিতোর। আগামী ২৪ ফেব্রুয়ারি ফিরতি লেগে সান সিরোয় ফের মুখোমুখি হবে দু’দল।
দিনের অপর ম্যাচে ক্লাব ব্রাগের বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করল আতলেতিকো মাদ্রিদ। ম্যাচে একটা সময় ২-০ গোলে লিড নিয়েও জিততে ব্যর্থ ডিয়েগো সিমোনে ব্রিগেড। ম্যাচে স্প্যানিশ ক্লাবটির হয়ে জাল কাঁপান জুলিয়ান আলভারেজ ও আদেমোলা লুকম্যান। অপর গোলটি জোয়েল ওর্ডোনেজের আত্মঘাতী। বেলজিয়াম ক্লাবটির হয়ে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে রাফয়েল ওনায়েডিকা, নিকোলো ত্রেসোলডি ও ক্রিস্টোস জোলিস। এদিকে, অ্যাওয়ে ম্যাচে কুয়ারাবাগকে ৬-১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট কার্যত নিশ্চিত করল নিউকাসল।



