সংবাদদাতা, খড়্গপুর: রাজ্যে পালাবদলের পর জগদ্ধাত্রীপুজো ঘিরে মেদিনীপুর শহরে নজিরবিহীন উন্মাদনা চোখে পড়েছে। নজরকাড়া থিম, চোখধাঁধানো আলোকসজ্জায় বিভিন্ন পুজো কমিটি একে অপরকে টেক্কা দিচ্ছে। শহরের কেন্দ্রস্থলে কেরানীটোলার আদি উত্তরণ ক্লাবের পুজো এবার পঞ্চম বর্ষে পা দিয়েছে। এবার পুজোর থিমে অন্নপূর্ণা যোজনা ও সনাতনী সংস্কৃতির জয়গান গেয়েছেন উদ্যোক্তারা।
মণ্ডপের সাজসজ্জায় নারীসুরক্ষা ও স্বনির্ভরতার প্রতীক হিসাবে রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনাকে তুলে ধরা হয়েছে। মূল মণ্ডপের পাশেই ‘সনাতনী সংস্কৃতির বিকাশ’ নামে আরও একটি অসাধারণ কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত সনাতনী শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও নবজাগরণের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। ভারতের ঐতিহাসিক স্থাপত্য, মঠ ও মন্দির ধ্বংসের বিবরণও সেখানে দেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই পুজোর উদ্বোধন করে উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানমঞ্চ থেকে তিনি বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভাজনকামীদের থেকে দূরে থাকতে হবে।’
পুজো উদ্যোক্তাদের তরফে চন্দন ঘোষ, রঞ্জন ঘোষ, বীথিকা চৌধুরী, বিশ্বনাথ পট্টনায়েক, স্নেহাশিস ভৌমিক সহ অন্যরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তাঁরা বলেন, আজকের মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন, তখনও তিনি আমাদের পুজোর উদ্বোধন করেছেন। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষও পুজো উপলক্ষ্যে একদিন আসবেন। হীরুলাল পাখিরা, চন্দন ঘোষ, অঙ্কিতা নাগ, অনুপ পলমলরা জানান, ভক্তিবাদ ও আধ্যাত্মিক জাগরণের মধ্য দিয়েই আজকের নতুন ভারত সৃষ্টি হয়েছে। অধ্যাত্ম, কাব্য, সাহিত্য, সংস্কৃতিতে বাল্মিকী, শ্রীচৈতন্যদেব, শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনীষীদের অবদান অনস্বীকার্য। স্বদেশপ্রেম ও বৈপ্লবিক চেতনায় পৃথ্বীরাজ চৌহান থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়রা চিরস্মরণীয় হয়ে আছেন। থিমে তাঁদের প্রতি সম্মান জ্ঞাপন করা হয়েছে।
পুজো কমিটির সভাপতি রজত সেন বলেন, নারীর সুরক্ষা ও স্বনির্ভরতায় অন্নপূর্ণা যোজনার অবদানের কথাও তুলে ধরা হয়েছে। পুজো উপলক্ষ্যে তিনদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্নভোগ বিতরণ করা হবে।



