নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার মোট এক লক্ষ স্কুল পড়ুয়াকে ইসকনের সহযোগী সংস্থা অন্নামৃত ফাউন্ডেশনের মাধ্যমে মিড ডে মিলের আওতায় আনার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১ অক্টোবর থেকেই এই পড়ুয়ারা সংশ্লিষ্ট সংস্থার তরফে মিড ডে মিল পাবে। তিনি জানিয়েছেন, ১ আগস্ট থেকে ৩০ হাজার পড়ুয়া এই সংস্থার মাধ্যমে পুষ্টিকর এবং পরিচ্ছন্ন খাবার পাচ্ছে। প্রাথমিক সাফল্যের পরে আরও ১৫ হাজার পড়ুয়াকে এর আওতায় আনা হয়। এবার সেই সংখ্যা বেড়ে এক লক্ষ হচ্ছে। অর্থাৎ, আরও ৫৫ হাজার পড়ুয়া এর অধীনে আসছে। প্রসঙ্গত, চারটি জেলায় ইসকনের আরেক সহযোগী সংস্থা অক্ষয় পাত্র ফাউন্ডেশনের মাধ্যমে মিড ডে মিল বিলির অর্ডার সম্প্রতি বাতিল করেছে রাজ্য সরকার। তবে, তখনই মিড ডে মিল ডিরেক্টরেট থেকে জানা গিয়েছিল, এর সঙ্গে অন্নামৃত ফাউন্ডেশনের কোনো সম্পর্ক নেই। বরং এই সংস্থাটির অধীনে আরও বেশি পড়ুয়াকে আনা হবে।



