‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক দিয়ে তাঁর কেরিয়ার শুরু। প্রথম ছবি ‘গুনগুন করে মহুয়া’র শ্যুটিং শুরু করবেন নতুন বছরে। এর মধ্যেই নাকি দ্বিতীয় ছবিরও অফার পেয়েছেন তিনি। অর্থাৎ অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। কোন ছবি? শোনা যাচ্ছে, দেবের পরবর্তী ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র অফার গিয়েছে অঙ্কিতার কাছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে অঙ্কিতা বলেন, ‘আমি এই বিষয়ে কিছুই বলতে চাই না।’ সদ্য ২৫ ডিসেম্বর নিজের জন্মদিনে পরবর্তী ছবির কথা ঘোষণা করেছেন দেব। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমুল হকের অসাধারণ জীবন কাহিনিকে কেন্দ্র করে তৈরি হবে এই ছবি। সোশ্যাল মিডিয়ায় দেবের প্রযোজনা সংস্থার তরফে লেখা হয়েছে, বাস্তব জীবনের এক নায়কের অনন্য গল্প, মানুষের পাশে থাকার গল্প ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। গত বেশ কয়েকটি ছবিতে নতুন নায়িকাদের নিয়ে কাজ করেছেন দেব। সেই ট্রেন্ড বজায় রেখে এবার অঙ্কিতাকেও কি দেবের নায়িকা হিসেবে দেখা যাবে?



