Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাধ্যমিকে ৬৬৯ পাওয়া অনিকেতের স্বপ্ন ডাক্তার হওয়া, বাধা অর্থাভাব

মাধ্যমিকে ৬৬৯ পাওয়া অনিকেতের স্বপ্ন ডাক্তার হওয়া, বাধা অর্থাভাব
  • ৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বেলদা: অনেক মানুষকে বিনা চিকিৎসায় মরতে দেখেছি। তাই ভবিষ্যতে ডাক্তার হতে চাই। কিন্তু মনে হয়, বাবার পক্ষে আমাকে ডাক্তারি পড়ানো সম্ভব হবে না।’ কথাগুলো বলার সময়ে বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির ছাত্র অনিকেত বারিকের গলা থেকে ঝরে পড়ছিল আক্ষেপের সুর। সে ৬৬৯ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করেছে। তার বাবা পেশায় নাপিত। বেলদায় তাদের বাড়ির পাশেই ছোট্ট একটি সেলুন চালান তিনি। সেই আয়েই চলে সংসার। 

Advertisement

গোড়া থেকেই পড়াশোনায় ভালো অনিকেত। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিজন ষড়ঙ্গী বলেন, পড়াশোনার প্রতি ছোট থেকেই আগ্রহ রয়েছে অনিকেতের। শুধু তাই নয়, সবকিছু জানার একটা অদ্ভুত খিদে রয়েছে। কোনও লক্ষ্য পেলে তা পূরণ করতে মরিয়া হয়ে ওঠে। সঠিক সুযোগ পেলে একদিন ও প্রতিষ্ঠিত হবে। আমাদের স্কুল সর্বদা ওর পাশে থাকবে। 
অনিকেত মাধ্যমিকে বাংলায় ৯৪, ইংরেজিতে ৯৮, গণিতে ৯৭, ভৌত বিজ্ঞানে ৯৭, জীবন বিজ্ঞানে ৯০, ইতিহাসে ৯৭ ও ভূগোলে ৯৬ পেয়েছে। অভাবের সংসারে আলাদা করে বিষয় পিছু প্রাইভেট টিউটর রাখা সম্ভব হয়নি। অনিকেতের বাবা স্বপন বারিক বলেন, এই সামান্য সেলুনের উপরে পুরো সংসার নির্ভর করে। এর মাঝে ছেলেটি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায়। বড় হয়ে ডাক্তার হতে চাইছে। জানি না কী করে সামাল দিতে পারব। কোনও সহৃদয় ব্যক্তি বা সংস্থা পাশে দাঁড়ালে তবেই ওর স্বপ্ন সফল হতে পারে। শুধু পড়াশোনা নয়, দাবা খেলা, ক্রিকেট খেলা ও ছবি আঁকতে ভালোবাসে অনিকেত। দাবা খেলে ও ছবি এঁকে বেশ কিছু পুরস্কারও পেয়েছে। অনিকেতের স্কুলের গণিতের শিক্ষক বিশ্বনাথ ঘোড়াই বলেন, ছোটবেলা থেকে ওকে পড়াচ্ছি। বিজ্ঞানের প্রতি ঝোঁক রয়েছে। সঠিক তালিম পেলে একদিন সে লক্ষ্য পূরণ করতে পারবে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ