সংবাদদাতা, বারুইপুর: গত মার্চ মাসে বারুইপুরের ফুলতলায় ঘটা করে উদ্বোধন হয়েছিল তারাপীঠ ও শিলিগুড়ি যাওয়ার এসি বাস পরিষেবা। ঠিক হয়েছিল, ফুলতলা বাস টার্মিনাস থেকে এই দু’টি রুটের বাস ছাড়বে। টিকিট কাটা যেত অনলাইনে। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম সূত্রে খবর, অনলাইন টিকিটের জেরে বারুইপুর থেকে যাত্রী সংখ্যা একেবারেই কম হচ্ছে। ফলে মাত্র পাঁচ-ছ’জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করছিল বাসগুলি। তাই ফুলতলা বাস টার্মিনাসের বদলে ওই দুই রুটের এসি বাস ধর্মতলা থেকে ছাড়ছে। নিগমের এই সিদ্ধান্তে ক্ষোভ বেড়েছে বারুইপুরের বাসিন্দাদের। তাঁদের দাবি, প্রায় সময় ইন্টারনেটের গণ্ডগোলের কারণে অনলাইনে টিকিট বুকিং করা যায় না। তাই, ফুলতলায় কাউন্টার খুলে শিলিগুড়ি ও তারাপীঠ রুটের বাসের টিকিট দেওয়া হোক। যদিও রাজ্য পরিবহণ নিগমের এক কর্তা বলেন, এখনই নতুন করে কাউন্টার খোলা সম্ভব নয়। তাছাড়া কলকাতার দিক থেকে অনলাইনে অনেকেই টিকিট কাটছেন। তাই বাধ্য হয়ে ধর্মতলা থেকে দু’টি রুটে বাস চালাতে হচ্ছে। যদিও এই বিতর্কের মধ্যেই বারুইপুরের উত্তরভাগ থেকে হাওড়া স্টেশন ও বারাসত রুটে ঠিকই বাস চলছে। যাত্রীও হচ্ছে তাতে।



