পুলিশের বাধায় ক্ষুব্ধ, নিজের টেম্পো জ্বালিয়ে দিলেন এক যুবক
  • ১২ নভেম্বর, ২০২৬ ১৫:৩৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১২ নভেম্বর: নিজের টেম্পো নিয়ে কাজে বেরিয়েছিল এক যুবক। গাড়ির কাগজপত্র দেখার জন্য তাঁকে আটকায় ট্রাফিক পুলিশ। কিন্তু তার জেরে যুবকের কাণ্ড দেখে তাজ্জব ট্রাফিক পুলিশের আধিকারিকরা। গাড়ির কাগজ দেখতে চাওয়া নিয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে বচসা হয়। আর তখনই নিজের টেম্পোতে আগুন ধরিয়ে দেয় ওই যুবক। ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির গাজিপুর সীমান্তে। 

Advertisement

জানা গিয়েছে, ওই যুবকের নাম ঘনেন্দর (২৮)। রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশ তাঁকে আটকায়। চালকের থেকে গাড়ির কাগজপত্র দেখতে চান। অভিযোগ, এরপর ট্রাফিক পুলিশের সঙ্গে বিবাদে জড়ান ঘনেন্দর। রেগে গিয়ে তাঁর নিজের টেম্পোতেই আগুন লাগিয়ে দেন। এর পাশপাশি হাতে একটি তলোয়ার ও একটি কালো পতাকা নিয়ে রাস্তায় ঘুরতে থাকেন। এর ফলে রাস্তায় প্রবল যানজটের সৃষ্টি হয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, টেম্পোটি আংশিকভাবে পুড়ে গিয়েছে। ঘনেন্দরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারী দল।