তেহরান, ৯ জানুয়ারি: শুরুটা হয়েছিল গত বছরের ২৭ ডিসেম্বর থেকে। দেশে ক্রমশ মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও বেকারত্ব বাড়ছে। কিন্তু এই বিষয়ে কোনও সুরাহা করছে না ইরান সরকার। তাই ইরানের সর্বোচ্চ নেতা তথা ধর্মগুরু আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধে আন্দোলনে নামেন ইরানের ব্যবসায়ী ও দোকানদাররা। আন্দোলনের আগুনটি জ্বলেছিল রাজধানী তেহরান থেকে। সেটি এখন ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে গোটা দেশে। গতকাল, বৃহস্পতিবার থেকে সেই আন্দোলন গণবিক্ষোভে কার্যত গণপ্রতিবাদে পরিণত হয়েছে। এই গণবিক্ষোভের আগুনে নতুন করে ঘি ঢেলেছেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। জনগণকে গণপ্রতিবাদে নামার ডাক দিয়েছেন তিনি। তারপরেই ইরানে ইন্টারনেট এবং টেলিফোন-মোবাইল সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কোনও পরিষেবা পাওয়া যাচ্ছে না। তাবরিজ বিমানবন্দরে বন্ধ রয়েছে বিমান পরিষেবা।



