নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কর্মীদের বেতন থেকে ইপিএফের প্রদেয় অর্থ (কন্ট্রিবিউশন) কেটে নেওয়া হয়েছে। কিন্তু কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের (ইপিএফও) অ্যাকাউন্টে তা সময়মতো জমাই পড়েনি। দেশের বহু বেসরকারি সংস্থা-প্রতিষ্ঠানের বিরুদ্ধেই হামেশাই এহেন প্রতারণার অভিযোগ ওঠে। নির্দিষ্ট মর্মে অভিযোগ পেয়ে কখনও কখনও প্রতারক সংস্থা কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেয় ইপিএফও। এমনকী মোটা অঙ্কের জরিমানাও হয়। কিন্তু কেন্দ্রীয় সরকারেরই আওতাধীন কোনও কোম্পানির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠা একপ্রকার বিরল। ভারী শিল্পমন্ত্রকের অধীনস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা অ্যান্ড্রু ইয়ুল গ্রুপের বিরুদ্ধে উঠেছে এমনই অভিযোগ। অভিযোগ, অ্যান্ড্রু ইয়ুল গ্রুপের আওতাধীন উত্তরবঙ্গের চারটি চা বাগানের শ্রমিকদের পিএফ কন্ট্রিবিউশনের টাকা সময়মতো জমাই দেয়নি কর্তৃপক্ষ। শুক্রবার সংসদে এই অভিযোগ স্বীকারও করে নিয়েছে মোদি সরকার। এদিন রাজ্যসভায় এই ব্যাপারে লিখিত প্রশ্ন করেন তৃণমূলের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তারই লিখিত জবাবে ভারী শিল্পমন্ত্রকের কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ভূপতিরাজু শ্রীনিবাস ভার্মা ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত পিএফ জমা না দেওয়া সংক্রান্ত খতিয়ান পেশ করেছেন।



