শান্তিপুরের যশেশ্বরী ভবনে জগদ্ধাত্রী পুজোতে প্রাচীন রীতি
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রানাঘাট: দেশভাগের স্মৃতি, রাজকীয় আভিজাত্য আর সাড়ে তিনশো বছরের প্রাচীন ঐতিহ্য সব মিলিয়ে শান্তিপুরের দাসবাড়ির যশেশ্বরী ভবনের জগদ্ধাত্রী পুজো আজও স্বতন্ত্র। ভক্তদের কাছে মা জগদ্ধাত্রী এখানে পরিচিত মা যশেশ্বরী নামে। এই পুজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, প্রতি বছর নতুন প্রতিমা তৈরি হয় না। চার-পাঁচ ফুট উচ্চতার সিমেন্টের স্থায়ী প্রতিমাতেই বছরের পর বছর ধরে পূজিত হয়ে আসছেন দেবী। বিসর্জনের রীতিও নেই। একই মূর্তিতে পুজো চলে বংশপরম্পরায়।

Advertisement

দাস পরিবারের সদস্যদের দাবি, এই পুজোর সূচনা হয়েছিল মহারাজা কৃষ্ণচন্দ্রের আমলে। সে সময় মহারাজা কৃষ্ণচন্দ্রের সাম্রাজ্যের শেষ সীমানা ছিল তৎকালীন যশোর, যা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত। যশোরের সেই প্রান্তে ভৈরব নদীর তীরে প্রথম জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল। সেই থেকেই দেবী পূজিত হন মা যশেশ্বরী নামে। একসময় আশপাশের বহু গ্রামের মানুষ এই পুজোয় যোগ দিতেন। দেশভাগের পর দাস পরিবার এপারে চলে আসে। কিন্তু পরিবারের সদস্যরা সঙ্গে নিয়ে আসেন তাঁদের আরাধ্য দেবীর পুজো। পরে শান্তিপুরের যশেশ্বরী ভবনে নতুন করে প্রতিষ্ঠিত হন মা। সেই থেকে রীতি মেনে চলে আসছে পুজো।
এই পুজোর প্রতিমাতেও রয়েছে বিশেষত্ব। দীর্ঘদিন আগে তৈরি সিমেন্টের মূর্তিতে পুজো হয়। জগদ্ধাত্রীর কাঁধের কিছুটা উপরে পিছনের কাঠামোয় বসানো রয়েছে কাঠের তৈরি দু’টি পেঁচা। জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠীর দিন গঙ্গার জল এনে দেবীকে স্নান করানোর পর সাজানোর কাজ শুরু হয়। সপ্তমী, অষ্টমী ও নবমীর সমস্ত আচার-অনুষ্ঠান নবমীর দিনেই সম্পন্ন করা হয়। দেবীকে ফলমূল, কাঁচা সবজি ও মিষ্টি ভোগ হিসেবে নিবেদন করা হয়। পরের দিন দশমীতে নিয়মরক্ষার মধ্যে দিয়ে পুজো শেষ হয়। তবে স্থায়ী প্রতিমা হওয়ায় এখানে নিরঞ্জনের কোনো রীতি নেই। বছরভর একই মূর্তিতে বিরাজ করেন মা যশেশ্বরী। পরের বছর আবার সেই মূর্তিতেই পুজো হয়। দাস পরিবারের প্রভাত দাস জানান, এই পুজোয় বাইরে থেকে ব্রাহ্মণ নিয়ে আসার রীতি নেই। পরিবারের সদস্যরাই নিষ্ঠা ও ভক্তির সঙ্গে বংশপরম্পরায় পুজোর দায়িত্ব সামলান।