রিও ডি জেনেইরো: ব্রাজিল ফুটবলে অশান্তির আঁচ। বিশ্বকাপের বাছাই পর্বে দল থেকে বাদ পড়ে কোচ কার্লো আনসেলোত্তির বিরুদ্ধে তোপ দেগেছিলেন নেইমার। দলে সুযোগ না পাওয়ার জন্য যেভাবে তাঁর চোটকে ঢাল করা হয়েছিল, তা মোটেই ভালোভাবে নেননি ব্রাজিলিয়ান তারকা। এরপরই নেইমারের মন্তব্যের পাল্টা জবাব দেন আনসেলোত্তি। তবে একইসঙ্গে নিজের পুরনো মন্তব্য থেকেও সরে দাঁড়াননি তিনি। ব্রাজিল কোচ জানান, ‘নেইমার নিজের মতামত পেশ করেছে। তাতে কোনও ভুলের কিছু নেই। আর ওকে দলে না রাখাটা টেকনিক্যাল সিদ্ধান্তই। আর তা একাধিক বিষয়ের উপর নির্ভর করে। আমার কাছে দলের প্রতিটি ফুটবলার সমান। আর তাদের সেরা অবস্থাতেই দলে জায়গা করে নিতে হবে। তাই একজন ফুটবলারের ফর্ম, শারীরিক অবস্থা, সবকিছু বিচার করেই দলে সুযোগ দিয়েছি। আগামী দিনেও এভাবেই দল বেছে নেব।’



