হেরোইন-চরসের জায়গা নিয়েছে ‘আনন্দ’, এখন কাফ সিরাপেই নেশা চড়ছে আসক্তদের
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: মহেশতলা ও রবীন্দ্রনগর থানা এলাকায় নেশারুদের সংখ্যা ক্রমশ বাড়ছে। তবে হেরোইন বা চরস নয়, সেই জায়গা দখল করেছে ‘আনন্দ’। কী এই মাদক? সহজ ভাষায় এটি একটি কাফ সিরাপ। নেশারুদের কাছে যার কদর অন্যান্য মাদকের থেকে অনেক বেশি। যারা গোপনে এই কাফ সিরাপ তৈরি করছে, তারাই এই নিষিদ্ধ সিরাপের নাম দিয়েছে ‘আনন্দ’।

Advertisement

মহেশতলা ও রবীন্দ্রনগর থানা এলাকায় হেরোইন ও চরসের রমরমা ছিল বছর খানেক আগেও। লাগাতার পুলিশি অভিযান ও ধরপাকড়ের ফলে সেই কারবারে মন্দা নেমে আসে। এই সুযোগকে কাজে লাগিয়েই কিছু অসাধু কারবারি মাদকের বাজারে নিয়ে এসেছে নতুন কাফ সিরাপ। যা ওই মহলে ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘আনন্দ’। ডায়মন্ডহারবার পুলিশ জেলার এক আধিকারিক বলেন, যারা এতদিন হেরোইন ও চরসে আসক্ত ছিল, জোগান কমে যাওয়ায় তারা এখন ঝুঁকেছে ‘আনন্দ’-এ। কারণ এই সিরাপ বেশি মাত্রায় খেলে অন্যান্য মাদকের মতই নেশা হয়। এই সিরাপ মস্তিষ্কের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে অবশ করে দেয়। ফলে সহজেই নেশায় বুঁদ হয়ে যায় তারা।
পুলিসের ওই আধিকারিক বলেন, নেশাগ্রস্তদের কাছে এই কাফ সিরাপের চাহিদা বেড়ে যাওয়ায় জোগানও উত্তরোত্তর বেড়েছে। এই খবর পাওয়ার পর ডায়মন্ডহারবার পুলিশ জেলার সুপারের নির্দেশে টিম তৈরি করা হয়। মহেশতলার এসডিপিওর নজরদারিতে এবং দুই থানার আইসির নেতৃত্বে ওই টিম বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। সম্প্রতি মহেশতলা থানা এলাকায় হানা দিয়ে পুলিশের ওই টিম ৭০ লিটার নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করেছে। এই সিরাপ তৈরির সঙ্গে যুক্ত কয়েকজনকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, বড়ো জারে ‘আনন্দ’ তৈরি করা হয়। পরে ছোটো ছোটো বোতলে ভরে তা বিক্রি করা হয়। বোতল আবার দু’ধরনের— মাঝারি ও বড়ো। এগুলি বিক্রি হয় যথাক্রমে ৫০ ও ১০০ টাকায়। পুলিশ জানতে পেরেছে, এই কাফ সিরাপে অ্যালকোহলের পাশাপাশি নানা ধরনের বিপজ্জনক উপাদান মেশানো হয়। কোনো ল্যাবরেটরিতে নয়, খোলা জায়গায় তৈরি হয় এই সিরাপ। নিষিদ্ধ কাফ সিরাপ বিক্রির জন্য এখনও পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের কাছে এসব তৈরির কোনো বৈধ নথি পাওয়া যায়নি।