বেনজির সিদ্ধান্ত! বিহারে নীতীশের নামে সেতুর উদ্বোধন করলেন মোদি, জোটসঙ্গীকে তুষ্ট করার প্রয়াস
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০ বছর আগেও যা ছিল। ২০ বছর পরও তাই। বিহারে নীতীশ কুমার ছাড়া গতি নেই বিজেপির। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী যখন ছিলেন না, তখনও নীতীশ কুমারের সমর্থন নিয়েই বিহারে সরকার গড়তে হয়েছিল বিজেপিকে। আবার নরেন্দ্র মোদির যখন প্রধনমন্ত্রী পদে ১২ বছর হয়ে গিয়েছে, তখনও সেই নীতীশের কাঁধে ভর দিয়েই বিহারে সরকার চালাতে হচ্ছে। সঙ্গে বরং যুক্ত হয়েছে নতুন নির্ভরতা। সেটি হল, কেন্দ্রীয় সরকারও টিকে আছে নীতীশকুমারের সমর্থনে। যদিও এসব কথা ভুলে বিহার বিজেপি মাঝমধ্যেই আগ্রাসন দেখিয়ে জোটের বিগ ব্রাদার ধাঁচের আচরণ করে। সাম্প্রতিক বিধান পরিষদ নির্বাচনে বিজেপি অন্তর্ঘাত করে তাদের হারিয়েছে বলে অভিযোগ করেছে সংযুক্ত জনতা দল। দু’দিন আগে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর দেহরক্ষী ধাক্কা মেরে নীতীশ-পুত্র নিশান্তকে সরিয়ে দিয়েছে। যা নিয়ে এখনও উত্তাল বিহারের রাজনীতি। নীতীশ কুমার যে কখন হাসিমুখে প্রত্যাঘাত করেন, সেকথা তাঁর কোনো জোটসঙ্গীই গত ২১ বছরে বোঝেনি। আশঙ্কা গ্রাস করেছে বিজেপিকেও। তাই নীতীশকে তুষ্ট করতে মোদি ও বিহার সরকার বেনজির সিদ্ধান্ত নিয়েছে। শনিবার বিহার এবং বৈশালীর সংযোগরক্ষাকারী নতুন একটি সেতুর উদ্বোধন করলেন স্বয়ং প্রধানমন্ত্রী। সেতুর নাম দেওয়া হয়েছে নীতীশ সেতু। এই ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে। কারণ বিহারে বিগত বছরগুলিতে মহাত্মা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ, জয়প্রকাশ নারায়ণ, বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় ইত্যাদি নামের সেতু নির্মাণ করা হয়েছে। কিন্তু জীবিত রাজনৈতিক ব্যক্তির নামে সেতুর নামকরণ এই প্রথম। বার্তা স্পষ্ট, নীতীশ কুমারকে খুশি করা। সংযুক্ত জনতা দলকেও বার্তা দেওয়া যে, বিজেপির বিহার এবং কেন্দ্রীয় সরকারের কাছে নীতীশ কুমার একজন সম্মাননীয় ব্যক্তিত্ব। নীতীশকুমারের সঙ্গে যে মোদির মিত্রতা অটুট, সেই বার্তা দিতে পাটনা এয়ারপোর্টেই দুজনের সাক্ষাৎ ও আলিঙ্গনের ছবি প্রকাশ করেছে বিজেপি। আরজেডি বলেছে, এয়ারপোর্টে নীতীশ কুমার যাতে যান সেই ব্যবস্থা ও অনুরোধ বিজেপি করেছে। তাঁর নামাঙ্কিত সেতুর উদ্বোধন করছেন মোদি, অথচ নীতীশকুমারের উপস্থিতি নেই এটা সঠিক নয়। অন্যদিকে, নদীর এক পাড় ভাঙে এবং অন্য পাড় গড়ের মতোই অবস্থা বিহারে বিজেপি জোটের। কারণ বিহারে এনডিএ জোটের আর এক শরিক লোকজনশক্তি পার্টি (রামবিলাস) সুপ্রিমো চিরাগ পাসোয়ান এদিনের সমাবেশে মোদির সামনে বারংবার বলেন, পিতা রামবিলাস পাসোয়ানের কথা। সর্বজনবিদিত যে চিরাগ পাসোয়ান বিগত কয়েক বছর ধরে চরম নীতীশ বিরোধিতা করে গিয়েছেন। এবার তাঁর চোখের সামনে যেখানে উদ্বোধন হয়ে যাচ্ছে নীতীশ কুমারের নামাঙ্কিত সেতু, অথচ প্রয়াত রামবিলাস পাসোয়ান সেই সম্মান পেলেন না। স্বাভাবিকভাবেই চিরাগের গোপন ক্ষোভ তৈরি হয়েছে। মোদি এদিন সমাবেশে বলেন, বিহারকে গত কয়েক বছরে কেন্দ্র ২ লক্ষ কোটি টাকা দিয়েছে। দেশের উন্নতি বিহার ছাড়া সম্ভব নয়। সেতু নীতীশকুমারের নামাঙ্কিত কেন? বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেছেন, ২০ বছর ধরে নীতীশ কুমার বিহারে যে সেবা করে উন্নতির দিশা দেখিয়েছেন, এটা তারই স্বীকৃতি। ছবি: পিটিআই

Advertisement