অমিয়কুমার বিশ্বাস,কৃষ্ণনগর: কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর অন্যতম প্রধান আকর্ষণ চাষাপাড়ার বুড়িমা। বিশালাকার প্রতিমা, সাবেকি সাজ এবং বিপুল অলঙ্কারে দেবীর অপরূপ রূপ দেখতে প্রতি বছরই দূরদূরান্ত থেকে ভিড় জমান অসংখ্য ভক্ত। এবছর ২৫৪ বছরে পা দিয়েছে চাষাপাড়া বারোয়ারির এই ঐতিহ্যবাহী পুজো। ভক্তদের নিবেদন করা ৭২টি বেনারসি শাড়ি এবং প্রায় ২২ কেজি সোনা-রুপোর গয়নায় সেজে উঠেছেন বুড়িমা। দেবীর এই রাজকীয় সাজ ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে।
প্রতি বছরের মতো এবারও বুড়িমার সাজে রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। ভক্তদের দেওয়া ৭২টি বেনারসি শাড়িতে সাজানো হবে দেবীকে। পাশাপাশি মুকুট, চিক, মালা, সীতাহার, বালা, মানতাশা, নূপুর এবং জড়োয়ার গয়নায় অলঙ্কৃত হবেন তিনি। দেবীর কপালজুড়ে নানা আকারের সোনার টিপ তাঁর সাজের অন্যতম বিশেষ আকর্ষণ। শুধু দেবীই নন, তাঁর বাহন সিংহকেও পরানো হবে সোনার মুকুট ও অলঙ্কার। সব মিলিয়ে মহাষ্টমীর সন্ধ্যায় বিপুল অলঙ্কারে বুড়িমার অপরূপ রূপ দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।
কথিত আছে, রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই এই পুজোর সূচনা হয়েছিল। দীর্ঘ ২৫৪ বছরের ঐতিহ্য বহন করে চলেছে চাষাপাড়া বারোয়ারির বুড়িমা পুজো। ভক্তদের বিশ্বাস, মায়ের কাছে মানত করে মনোস্কামনা পূরণ হলে তাঁরা সোনার গয়না নিবেদন করেন। বছরের পর বছর ধরে ভক্তদের সেই নিবেদিত অলঙ্কারেই সেজে ওঠেন দেবী। ফলে বুড়িমার গয়নার সাজের সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য মানুষের বিশ্বাস, ভক্তি ও আবেগ।
পুজো কমিটির সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মহাষ্টমীর দুপুর ১২টা থেকে মানতের সামগ্রী গ্রহণ শুরু হয়। সন্ধ্যায় দেবীকে বিপুল সোনা-রুপোর অলঙ্কারে সাজানো হয়। বুধবার শুক্লপক্ষের নবমী তিথিতে একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো সম্পন্ন হবে। ভোর ৫টা ৫৮ মিনিটে পুজো শুরু হবে। সকাল সাড়ে ৯টা, দুপুর ১২টা এবং বিকেল সাড়ে ৩টেয় পুষ্পাঞ্জলির ব্যবস্থা থাকবে। দুপুর ৩টেয় নবমীর বলিদান এবং সন্ধ্যা ৬টায় বিশেষ আরতি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দশমীর দিন সকাল ৭টা ২২ মিনিটে বিসর্জনের পুজো শেষ হবে। বরণ শেষে দুপুর আড়াইটের মধ্যে দেবীকে আসন থেকে নামানো হবে। ভক্তদের কাঁধে চেপেই বিসর্জনের পথে যাত্রা করবেন বুড়িমা। সব প্রতিমার বিসর্জন শেষ হলে জলঙ্গির ঘাটে সবার শেষে নিরঞ্জন হবে।
এ বার বুড়িমার পুজোয় আরও একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এত দিন পুজোর মরসুম ছাড়া মন্দিরে দেবীর প্রতিমা না থাকায় ভক্তরা বেদিতে মাথা ঠেকিয়ে প্রণাম করতেন। সেই ব্যবস্থায় পরিবর্তন এনে মন্দিরে প্রায় ২০ কেজি ওজনের অষ্টধাতুর চরণযুগল স্থাপন করা হচ্ছে। ১৮ নভেম্বর বাৎসরিক পুজোয় তার উদ্বোধন হবে। এরপর থেকে সারা বছর সকাল-সন্ধ্যা দু›বেলা বুড়িমার চরণে পুজো দেওয়ার সুযোগ পাবেন ভক্তরা। ফলে মহাষ্টমীর বিপুল অলঙ্কারের সাজের পাশাপাশি সারা বছর মন্দিরে পুজো দেওয়ার নতুন সুযোগও এ বার ভক্তদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।
মন্দির কমিটির বক্তব্য, সারা বছরই বহু ভক্ত মন্দিরে আসেন। তাঁদের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা। অনেকটা নৈহাটির বড়মার মন্দিরের মতোই এবার কৃষ্ণনগরের বুড়িমার মন্দিরেও সারা বছর পুজো ও দর্শনের সুযোগ পাবেন ভক্তরা। ফলে পুজোর কয়েকটি দিন পেরিয়ে গেলেও ভক্তদের সঙ্গে বুড়িমার যোগ থাকবে অটুট।



