হরিদ্বারের ঝুলিতে অতিরিক্ত ৬ হাজার  মেট্রিক টন চাল-গম, ব্রাত্য সাগরমেলা
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তিন বছর আগে এমনই এক নভেম্বর মাসে (২৯ নভেম্বর ২০২৩) মোদি সরকার ঘোষণা করেছিল, দেশের ৮১ কোটি ৩৫ লক্ষকে দেওয়া হবে বিনামূল্যের রেশন। কংগ্রেস নেতৃত্বাধীন ‌ইউপিএ সরকারের ‘জাতীয় খাদ্য সুরক্ষা আইন ২০১৩’ নিঃশব্দে শেষ করে শুরু হয় ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা।’ আইনের ‘অধিকার’ খতম করে সরকারি ‘যোজনা’ বা প্রকল্প। চাইলে যে কোনো দিন তা বন্ধ বা বদল করা যেতেই পারে। ফলে বিরোধীদের ভোট চুরির অভিযোগের আবহে বিষয়টিকে খাদ্যের অধিকার চুরি বললে খুব একটা ভুল হবে না বলেই ওয়াকিবহাল মহলের মত। 

Advertisement

সরকারের অভ্যন্তরীণ রিপোর্টেও তা একপ্রকার ধরা পড়ছে। খাদ্যমন্ত্রকের আধিকারিকদের মধ্যে চালাচালি ‘হোয়াটসঅ্যা঩প’ মেসেজে স্পষ্ট হয়েছে, ২০২৩ সালের ক্যাবিনেটের সিদ্ধান্ত তো দূর, প্রি রেশন নিয়ে সংসদে দেওয়া তথ্যও মিলছে না। মন্ত্রিসভা বলেছিল ৮১.৩৫ কোটিকে দেওয়া হবে ফ্রি রেশন। সংসদে বলা হয়েছে, পাচ্ছে ৭৯.০৯ কোটি। কিন্তু আদতে কতজন? খাদ্যমন্ত্রকের অভ্যন্তরীণ আলোচনার রিপোর্টে জানা গিয়েছে, ৭৮.৫৬ কোটি। সঠিক সংখ্যাটি, ৭৮ কোটি ৫৬ লক্ষ ৪৭ হাজার ৫৬৪ জন।  ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখে যতই ৮০ কোটির প্রচার করুন না কেন, আদতে ফ্রি রেশন দেওয়া হচ্ছে ৭৮ কোটিকে। যদিও খাদ্যশস্যের হিসাব হচ্ছে ওই ৮১ কোটি ধরেই। অতিরিক্ত খাদ্যশস্য কখনো ‘ওপেন মার্কেট সেল স্কিমে’র নামে নাফেড, কেন্দ্রীয় ভাণ্ডারের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। কখনো অতিরিক্তের অংশ পাঠানো হচ্ছে উৎসব, মেলায়। যেমন, উত্তরাখণ্ড সরকারকে বার্ষিক বরাদ্দের বাইরে দেওয়া হচ্ছে ৬ হাজার ৪৯০ মেট্রিক টন চাল-গম। হরিদ্বারে শুরু হতে চলা অর্ধকুম্ভের (১৪ জানুয়ারি-২০ এপ্রিল) জন্য এই অতিরিক্ত বরাদ্দ বলেই অভ্যন্তরীণ আলোচনায় জানা গিয়েছে। সাধারণত, প্রয়োজন পড়লে রাজ্যকে মোট বরাদ্দের ২% পর্যন্ত অতিরিক্ত খাদ্যশস্য দেওয়া যেতে পারে। নীতি সেরকমই। কিন্তু অর্ধকুম্ভের জন্য সেটি টপকে উত্তরাখণ্ডকে অতিরিক্ত ৩.৬২% দেওয়া হচ্ছে। তাই প্রশ্ন উঠছে, ‘গঙ্গাসাগর মেলা’র ক্ষেত্রে কেন নয় এই ব্যবস্থা? কেন বাংলা বঞ্চিত? ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, গঙ্গাসাগর মেলার সময় ভিন রাজ্য থেকে লক্ষ লোক পশ্চিমবঙ্গে আসেন। সেই সময়ের জন্য অতিরিক্ত বরাদ্দ চেয়েও পাওয়া যায় না। অথচ ‘ওয়ান রেশন ওয়ান রেশন কার্ডে’ সেই সুবিধা পেতেই পারেন উপভোক্তারা। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের সময়ও ১৩৪টি অস্থায়ী রেশন দোকান খুলে এক মাস দেওয়া হয়েছিল ফ্রি খাদ্যশস্য।