লন্ডন: ক্লাব কর্তাদের বিরুদ্ধে তোপ দাগায় বছরের প্রথম দিনেই চাকরি খুইয়েছিলেন চেলসি কোচ এনজো মারেস্কা। চারদিনের মধ্যে প্রিমিয়ার লিগে আরও এক কোচের চাকরি গেল। সোমবার আনুষ্ঠানিকভাবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচের পদ থেকে বরখাস্ত হলেন রুবেন আমোরিম। তাঁকেও কর্তাদের বিরুদ্ধে মন্তব্য করার খেসারত দিতে হল। ক্লাবের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, ‘গত কয়েক ম্যাচের পারফরম্যান্সের নিরিখে মনে হয়েছে, কোচ পরিবর্তন করাটা জরুরি। আমোরিমের ভবিষ্যতের জন্য রইল শুভেচ্ছা। অন্তবর্তীকালীন কোচ হিসেবে দলের দায়িত্ব সামলাবেন ড্যারেন ফ্লেচার।’
২০২৪ সালের নভেম্বর মাসে ম্যান ইউয়ের দায়িত্ব নেন আমোরিম। পর্তুগিজ কোচের প্রশিক্ষণে গত মরশুমে ইউরোপা লিগের ফাইনালে ওঠে লাল ম্যাঞ্চেস্টার। পাশাপাশি নতুন মরশুমে লিগের শুরুটা দারুণ করে তারা। তবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বেশ কিছু নতুন ফুটবলার সই করাতে চেয়েছিলেন তিনি। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর সেই বিষয়ে খুব একটা গুরুত্ব দেননি। এই নিয়েই শুরু হয় ঠোকাঠুকি। তাই চাকরি খোয়াতে হল তাঁকে।



