সংবাদদাতা, রায়গঞ্জ: বেহাল রাস্তায় চলাচলে চরম সমস্যায় পড়েছেন রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েতের বিপ্রডাঙ্গির বাসিন্দারা। বিশেষ করে, বর্ষার কারণে রাস্তা চাষের জমির মতো চেহারা নিয়েছে বলে অভিযোগ। রাস্তার দশা এতই বেহাল, হেঁটে চলাচল করা যাচ্ছে না। বাইক কিংবা সাইকেল নিয়ে চলাচলে সমস্যা হচ্ছে।
একাধিকবার গ্রাম পঞ্চায়েত সদস্যকে জানিয়েও মাটির রাস্তা পাকা হয়নি। খুদেদের স্কুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। এছাড়া রাস্তায় একাধিক তিন-চার ফুট গর্ত তৈরি হয়েছে। সেই কারণে অ্যাম্বুলেন্সও এই রাস্তায় আসে না। কেউ অসুস্থ হলে তাঁকে কোলে করে এক কিমি পর্যন্ত নিয়ে গেলে তবেই পাকা রাস্তায় গাড়ি পাওয়া যায়। পথশ্রী প্রকল্পে বিভিন্ন জায়গায় কাজ হলেও এই রাস্তা পাকা না হওয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন বাসিন্দারা। স্থানীয় বারসানুর শেখ বলেন, বিপ্রডাঙ্গি থেকে বালিয়াড়ি মোড় পর্যন্ত প্রায় এক কিমি রাস্তা বেহাল। এই রাস্তা দিয়ে প্রতিদিন দেড় থেকে দুই হাজার মানুষ যাতায়াত করেন। এই রাস্তার উপর নির্ভর করে চারটি গ্রাম। এদিক দিয়েই রায়গঞ্জ শহরে যেতে হয়। কিন্তু পঞ্চায়েত সদস্যকে অনেকবার জানানো হলেও তিনি বলেছেন তাঁর পক্ষে এই রাস্তা পাকা করা সম্ভব নয়। জেলা পরিষদ কিংবা পঞ্চায়েত সমিতি করবে। কিন্তু কবে হবে, সেই অপেক্ষায় আছি আমরা। গ্রামবাসীদের সমস্যার কথা মেনে নিয়েছেন বিপ্রডাঙ্গি সংসদের পঞ্চায়েত সদস্য মিঠুন দেবশর্মা। তিনি বলেন, এই রাস্তা দিয়ে বর্ষাকালে চলাচলে মারাত্মক সমস্যা হয়। বিষয়টি বিধায়ক এবং ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কংক্রিটের রাস্তা অনুমোদন হয়েছে শুনেছি। দ্রুত যাতে কাজটি করা যায়, সেই বিষয়টি দেখছি। বিপ্রডাঙ্গিতে বেহাল রাস্তা।- নিজস্ব চিত্র