সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-১ ব্লকের হাজরাহাট-২ গ্রাম পঞ্চায়েতের আমবাড়িতে তৈরি প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের একটি মেশিন দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে। গ্রাম পঞ্চায়েত ও দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর দাবি এনিয়ে বার বার জানিয়েও কাজ হচ্ছে না। আপাতত এখানে প্লাস্টিকের বোতল পরিষ্কার করে সেগুলি বাইরে পাঠানো হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের নজরদারিতে সেখানে কাজ করছেন স্থানীয় মহিলারা। প্রসঙ্গত, ২০২২ সালে মাথাভাঙা-১ ব্লকের হাজরাহাট-২ গ্রাম পঞ্চায়েতের পূর্ব খাটেরবাড়ি গ্রামের আমবাড়িতে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরি করে কোচবিহার জেলা পরিষদ। এখানে কঠিন প্লাস্টিকের বর্জ্য পরিষ্কার করে ম্যাস্টিক তৈরির কথা জানানো হয়েছিল। প্রথমদিকে কাজও শুরু হয়েছিল। তিনটি মেশিন দিয়ে কাজ চলছিল। কিন্তু প্লাস্টিকের বোতল চূর্ণ করার মেশিনটিই খারাপ হয়ে যায়। অভিযোগ এনিয়ে অনেকবার জানানো হলেও কাজ হয়নি। আপাতত সেখানে প্লাস্টিকের বোতল পরিষ্কার করে সেগুলি বাইরে পাঠানো হচ্ছে। দু’টি মেশিন চালু থাকলে আরও বেশি শ্রমিক কাজ করতে পারত। শ্রমিকদের আয়ও আরও বেশি হতো। দ্রুত মেশিনটি সারাইয়ের দাবি করা হয়েছে।
Advertisement
এ ব্যাপারে আমবাড়ি প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে কাজ করা শ্রমিক রফিকুল ইসলাম বলেন, আমাদের একটি মেশিন বন্ধ থাকায় কাজও কম হচ্ছে। অনেকবার আমরা বিডিও সাহেব সহ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু আজ পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। হাজরাহাট-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসিম আলি বলেন, আমরা জেলা পরিষদকে জানিয়েছি। জেলা পরিষদ থেকে লোকজন এসেছিলেন। ওঁরা খতিয়ে দেখেছেন। দ্রুত মেশিন সারাইয়ের আশ্বাস দেওয়া সহ আরও বেশকিছু মেশিন নিয়ে আসার কথা জানিয়েছে। তবে এখনও এ ব্যাপারে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। মাথাভাঙা-১ এর বিডিও শুভজিৎ মণ্ডল বলেন, আমবাড়ি প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের যে মেশিনটি খারাপ হয়েছে সেটি ঠিক করার জন্য জেলা পরিষদকে জানানো হয়েছে। ওরা জানিয়েছে, মেশিনটি দিল্লির একটি সংস্থার। সেখান থেকে লোক এসে মেশিনের যন্ত্রাংশ ঠিক করে দেবে।



