নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর: বি আর আম্বেদকরকে অপমানজনক মন্তব্যের কারণে নদীয়া জেলাজুড়ে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। অধিকাংশ জায়গাতেই বিকেলের দিকে এই কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও ব্লকের নেতারা। এদিন বিকেলে নাকাশিপাড়ার বেথুয়াডহরি এলাকায় প্রতিবাদ মিছিল হয়। উপস্থিত ছিলেন নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ সহ অন্যান্যরা। কালীগঞ্জ ব্লকেও প্রতিবাদ মিছিল করেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। চাপড়ায় তৃণমূলের ব্লক নেতৃত্বের উদ্যোগে ইনসাফ ক্লাবের মাঠ থেকে বিডিও অফিস পর্যন্ত বিশাল মিছিল হয়। এছাড়াও, কৃষ্ণনগর-১, কৃষ্ণনগর-২, করিমপুর, তেহট্ট, প্রতিটি ব্লকেই এই কর্মসূচি পালন করা হয়েছে। বেতাই বি আর আম্বেদকর কলেজে তেহট্ট -১ ও ২ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের তরফে কলেজ গেটে ধিক্কার কর্মসূচি পালন করা হয়।



