


সংবাদদাতা, বোলপুর: একটা ভাষার যে মূল্য পাওয়া উচিত তা অনেক সময়ে পায় না। এই অবহেলা হলে তা বন্ধ করতে হবে। বৃহস্পতিবার শান্তিনিকেতনের ফিরে এভাবেই পরিযায়ী শ্রমিক ও বাংলা ভাষাভাষীদের ওপর আক্রমণের ঘটনায় সরব হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি তাঁর বাসভবন প্রতীচীতে আসেন। সঙ্গে ছিলেন কন্যা নন্দনা দেবসেন। মহকুমা প্রশাসনের তরফে তাঁদের স্বাগত জানানো হয়। আগামী ১৯ আগস্ট পর্যন্ত তিনি শান্তিনিকেতনে নিজের বাড়িতে থাকবেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে। তিনি আসতেই তাঁর বাসভবন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
এদিন পরিযায়ী শ্রমিক ও বাংলা ভাষাভাষীদের ওপর আক্রমণের বিষয়ে অমর্ত্য সেন বলেন, যাঁরা ভারতীয়, তাঁদের পুরো ভারতবর্ষের উপর অধিকার আছে। শুধু একটা অঞ্চলের উপর নয়। এ প্রসঙ্গে তিনি চর্যাপদ সহ রবীন্দ্রনাথ ও নজরুল ইসলামের প্রসঙ্গও আনেন। তবে তাঁর মতে, শুধুমাত্র বাঙালিই নয়— দেশের যে কোনও অঞ্চলের মানুষ যদি অন্যত্র হেনস্তার শিকার হন, তাতেও সমানভাবে আপত্তি তোলা উচিত। প্রসঙ্গত, ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বাংলা ভাষার উপর আক্রমণের অভিযোগ তুলে সরব হয়েছেন রাজ্যের শাসকদল সহ বহু বাঙালি বুদ্ধিজীবী। এই প্রসঙ্গে নোবেলজয়ী বলেন, শুধু বাঙালি নয়, ভারতবর্ষের যে কোনও অঞ্চলের লোক, অন্য জায়গায় হেনস্তা হলে তাতে আপত্তির কারণ থাকবে। সে বাঙালি, পাঞ্জাবি, মাড়োয়ারি যেই হোক না কেন। বিশেষত বাঙালিদের উপর যদি অত্যাচার হয়, অবহেলা করা হয়, আমাদের আপত্তি করার যথেষ্ট কারণ থাকবে।
তিনি আরও বলেন, শুধু বাঙালি নয়, ভারতবর্ষের নাগরিকদের যে অধিকার, আনন্দ করে থাকার, সেগুলো তো আমাদের মানতেই হবে। কোনও ভারতীয় যদি ওড়িশা থেকে গিয়ে রাজস্থানে অবহেলিত হন, বা অত্যাচারিত হন, তা নিয়েও আমাদের একই আপত্তির কারণ থাকবে। এটা আমাদের সংবিধানে প্রথম থেকেই বলা আছে। প্রসঙ্গত, দিন দুয়েক আগেই বাংলা ভাষার উপর সন্ত্রাসের বিরুদ্ধে বোলপুরে প্রতিবাদ মিছিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে নোবেলজয়ী বলেন, বাংলা ভাষা খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীনকালে চর্যাপদ দিয়ে যে ভাষাটার জন্ম হল, সেই ভাষার মূল্য স্বীকার করতেই হবে। এই ভাষায় নানা কাব্য লেখা হয়েছে। রবীন্দ্রনাথ, নজরুলের বক্তব্য এ ভাষাতেই স্পষ্টভাবে ধরা হয়েছে। এগুলোর মূল্য আমাদের দিতেই হবে। • বৃহস্পতিবার শান্তিনিকেতনে নিজের বাসভবনে ফিরলেন অমর্ত্য সেন। -নিজস্ব চিত্র