নিউ ইয়র্ক: ইউ এস ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে এরিনা সাবালেঙ্কা। শুক্রবার সেমি-ফাইনালে শুরুতে পিছিয়ে পড়েও বাজিমাত করেন শীর্ষ বাছাই। তিন সেটের লড়াইয়ে বেলারুশ তারকা হারালেন মার্কিন খেলোয়াড় জেসিকা পেগুলাকে। ম্যাচের ফল ৪-৬, ৬-৩, ৬-৪। শনিবার খেতাবি লড়াইয়ে সাবালেঙ্কা মুখোমুখি হবেন আর এক আমেরিকান আমান্দা অ্যানিসিমোভার। এদিন শেষ চারের ম্যাচে তিনি বশ মানান জাপানের নাওমি ওসাকাকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে অষ্টম বাছাই তারকার পক্ষে ফল ৬-৭ (৪-৭), ৭-৬ (৭-৩), ৬-৩। প্রথম সেট খুইয়ে একটা সময় তিনিও চাপে পড়ে গিয়েছিলেন। তবে শেষ দু’টি সেট জিতে হাসি মুখেই কোর্ট ছাড়েন আমান্দা।
আর্থার অ্যাশ স্টেডিয়ামের সেন্টার কোর্টে এদিন আকর্ষণের কেন্দ্রে ছিলেন সাবালেঙ্কা। সম্প্রতি হার্ড কোর্টে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। চলতি আসরেও সেই ছন্দ বজায় রেখে নিশ্চিত করলেন ফাইনালের টিকিট। গতবারের চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে তাঁর সামনে এবার মুকুট রক্ষার হাতছানি। তাছাড়া ২০২৩ ও ২০২৪ সালে অস্ট্রেলিয়ান ওপেন জেতেন সাবালেঙ্কা। চলতি মরশুমে এই নিয়ে দ্বিতীয়বার গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে পা রাখলেন বেলারুশ তারকা। ফরাসি ওপেনে শিরোপা নির্নায়াক ম্যাচে কোকো গফের কাছে হারতে হয়েছিল তাঁকে। মার্কিন মুলুকে সেই দুঃখ ভুলতে মরিয়া শীর্ষ বাছাই সাবালেঙ্কা। অন্যদিকে, আমান্দারও এটি দ্বিতীয় ফাইনাল ম্যাচ। চলতি বছর উইম্বলডনের খেতাবি ম্যাচে ইগা সুইয়াটেকের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল তাঁর।