Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাড়ায় সমাধান: ক্যাম্পপিছু ভিড়ের নিরিখে রাজ্যে দ্বিতীয় স্থানে মালদহ

মালদহে সুপারহিট আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। ক্যাম্পপিছু ভিড়ের নিরিখে রাজ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মালদহ জেলা।

পাড়ায় সমাধান: ক্যাম্পপিছু ভিড়ের নিরিখে রাজ্যে দ্বিতীয় স্থানে মালদহ
  • ২৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহে সুপারহিট আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। ক্যাম্পপিছু ভিড়ের নিরিখে রাজ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মালদহ জেলা। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ৪৪৮টি ক্যাম্প হয়েছে। তাতে ক্যাম্পপিছু ১১৮২ জনের সমাগম হয়েছে। অর্থাৎ, ক্যাম্পে হাজির হয়েছেন মোট ৫ লক্ষ ২৯ হাজারের বেশি মানুষ। শুধু তাই নয়, ক্যাম্পে আবেদন জমা পড়েছে ১৩ হাজার ৬৩০টি। যার মধ্যে ৫০ শতাংশ আবেদন এসেছে শুধু পথবাতি লাগানোর জন্য। এছাড়াও পানীয় জল সরবরাহ, রাস্তা সংস্কার, আইসিডিএস সেন্টার ও প্রাইমারি স্কুল সংস্কার, ড্রেন তৈরির মতো নানা কাজের জন্য আবেদন জমা পড়েছে। 

Advertisement

রাজ্যের অন্যান্য জেলার মতো মালদহেও ২ আগস্ট থেকে পুরোদমে চালু হয়েছে পাড়ায় সমাধান শিবির। চলবে প্রায় আরও এক মাস। মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া বলেন, জেলায় আমাদের টার্গেট রয়েছে  ৩ হাজার ১০৬টি বুথের জন্য ১ হাজার ২০০ এর বেশি ক্যাম্প করার। যার মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ৪৪৮টি ক্যাম্প হয়েছে। তাতে ক্যাম্প পিছু ফুটফলের নিরিখে এই জেলা রাজ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ক্যাম্প পিছু ১১৮২ জন মানুষ হাজির থেকেছেন।
মালদহ জেলা প্রশাসন সূত্রে খবর, পাড়ায় সমাধান ক্যাম্পেই সমান্তরালভাবে চলছে দুয়ারে সরকার প্রকল্প। দু’টি ক্ষেত্রেই মানুষের ব্যাপক সাড়া মিলছে। সরাসরি প্রশাসনিক আধিকারিকদের সামনে সমস্যার কথা জানানো, জনপ্রতিনিধিদের সঙ্গেও খোলামেলা আলোচনার মাধ্যমে, মানুষ এলাকার সমস্যা তুলে ধরা ও সরকারি প্রকল্পের সুবিধা নিতে আসছেন। 
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ১৩ হাজার ৬৩০টি আবেদনের মধ্যে ১ হাজার ২০৩টি ইতিমধ্যে জেলা প্রশাসনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যার মধ্যে ৫০ শতাংশ আবেদনে পথবাতি লাগানোর দাবি উঠে এসেছে। ১ হাজার ২০৩টি আবেদনের মধ্যে ৫৬৯টি রয়েছে পথবাতি লাগানোর। পানীয় জল সরবরাহের জন্য ১৬০টি আবেদন এসেছে।
৪৫টি রাস্তা সংস্কার, ২০টি আইসিডিএস সেন্টার সংস্কার এবং ৮২টি ড্রেন তৈরির আবেদন এসেছে। এছাড়াও প্রাইমারি স্কুল, কালভার্ট সংস্কার সহ অন্যান্য আবেদন এসেছে। জেলার এক আধিকারিকের বক্তব্য, প্রত্যেক বুথে ১০ লক্ষ টাকার কাজ করা হবে। তার জন্য প্রচুর আবেদন আসছে। তবে, জরুরি ভিত্তিতে যে কাজের প্রয়োজন, সেগুলিকে গুরুত্ব বুঝে বেছে নেওয়া হচ্ছে। তার জন্য প্রশাসন সমীক্ষাও করছে। অনেক জায়গায় অতিরিক্ত আবেদন জমা পড়ছে, সেগুলি আপাতত ব্লক স্তরে থাকছে। পরবর্তীতে সেগুলি খতিয়ে দেখে বেছে নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ