নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলাজুড়েই ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি চলছে। পিছিয়ে নেই গড়বেতা-২ ব্লকও। কর্মসূচি শুরুর দিন থেকেই এই ব্লকে শিবিরে মানুষের ঢল নেমেছে। প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি জন প্রতিনিধিরাও নিয়মিত যাচ্ছেন। জানা গিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে চারদিনে দু’হাজারের বেশি মানুষ উপস্থিত ছিল। জন প্রতিনিধিরা জানাচ্ছেন, চেয়ার টেবিলে নয়, বরং সাধারণ মানুষের কথা ভেবে মাটিতে বসেই পরিষেবা দেওয়ার কাজ হচ্ছে। তাঁদের প্রস্তাব ও অভিযোগ লিপিবদ্ধ করা হচ্ছে। বাসিন্দাদের বক্তব্য ভিডিও রেকর্ডও করা হচ্ছে। গ্রামবাসীদের কথায়, এই ধরনের কর্মসূচি আগে কোনওদিন হয়নি। পাড়ার সমস্যার কথা বলার কোনও জায়গা ছিল না। এবার হয়তো দিনের পর দিন পড়ে থাকা সমস্যার সমাধান।
গড়বেতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনবন্ধু দে বলেন, ব্লকজুড়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে। প্রথম দিন থেকেই মানুষজন কর্মসূচিতে উপস্থিত হচ্ছে। মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তবে শুধু মানুষের কথা শোনা নয়, তা সমাধানের চেষ্টা চলছে। এই ব্লকে ৫৩টি শিবির হবে। তাতে আরও বেশি সংখ্যক মানুষ উপস্থিতি থাকবে বলে আশাবাদী।
বুধবার শিবিরে উপস্থিত ছিলেন গোয়ালতোড়ের বাসিন্দা সঞ্জয় দাস। তিনি বলেন, পাড়ায় সমাধান কর্মসূচিতে গিয়ে সমস্যার কথা বলেছি। খুব তাড়াতাড়ি সমাধান হবে বলে আশাবাদী। এই কর্মসূচি প্রতিবছর হলে খুবই উপকার হবে।
উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-২ ব্লক অন্যতম গুরুত্বপূর্ণ। বাম আমলে সামান্য পরিষেবাটুকু পেতে সাধারণ মানুষকে হয়রান হতে হতো। কিন্তু, সরকার পরিবর্তনের পর থেকে ছবিটা বদলাতে শুরু করে। ধীরে ধীরে মানুষের সুবিধার্থে একাধিক প্রকল্পের রূপায়ণ হয়েছে। বর্তমানে এই ব্লক এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৃহত্তম সোলার প্রকল্প তৈরি হয়েছে। কৃষি ব্যবস্থাতেও এই ব্লক উন্নতি করেছে। ব্লক প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন, গত কয়েক বছরে ব্লকে কাজের গতি বৃদ্ধি পেয়েছে।
বিভিন্ন কাজ রাস্তায় নেমে পর্যবেক্ষণ করা হচ্ছে। মাসখানেক আগে এই ব্লকের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। সেই পরিস্থিতি সামাল দিতেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।
গড়বেতা-২ বিডিও দেবঋষি বন্দ্যোপাধ্যায় বলেন, ব্লকের মানুষ বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছে। বহু মানুষ রাজ্যের প্রকল্পে বাড়ি পেয়ে উপকৃত হয়েছে। জেলা প্রশাসনের তরফে সর্বদা সহযোগিতা পাওয়া যায়।-নিজস্ব চিত্র