নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষার প্রথম মাস জুনে দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতায় সবথেকে বেশি ৩৬৪ মিমি বৃষ্টি (স্বাভাবিকের থেকে ২৯ শতাংশ অধিক) হয়েছিল। জুলাইয়ে সার্বিকভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বেড়ে গেলেও কলকাতায় কিছুটা কমে গিয়েছে। আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এমাসে কলকাতায় ৩৪১ মিমি বৃষ্টি হয়েছে (স্বাভাবিক ৩৭৭ মিমি)। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে জুনের তুলনায় জুলাই মাসে বেশি বৃষ্টি হয়েছে। কলকাতা ছাড়া হুগলি ও নদীয়া জেলাতে জুনের থেকে কিছুটা কম বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপগুলির প্রভাব কলকাতার উপর বিশেষ পড়েনি। এই কারণে এখানে বৃষ্টি কম হয়েছে। জুন মাসে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ না-হলেও আঞ্চলিকভাবে বজ্রগর্ভ মেঘ কলকাতা ও লাগোয়া এলাকায় সৃষ্টি হওয়ার জন্য বেশি বৃষ্টি হয়।
জুলাই মাসে দক্ষিণবঙ্গে সার্বিকভাবে স্বাভাবিকের থেকে ১৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। সেখানে ২৩ শতাংশ কম বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। বঙ্গোপসাগরে তিনটি নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টি বেড়েছে। নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া জেলাতে জুলাই মাসেও বৃষ্টি কিছুটা কম হয়েছে। তবে আবহাওয়াবিদরা বলছেন, এই জেলাগুলিতে সাধারণত বৃষ্টি কিছুটা কম হয়ে থাকে। কম হলেও এখনো যা পরিস্থিতি তাতে ওই জেলাগুলিতে কিছুটা সেচের সাহায্য নিয়ে বড়ো অংশের জমিতে চাষবাস করা যাবে বলে তাঁরা আশাবাদী। জুলাই-আগস্টের বৃষ্টি খরিফ ফসলের চাষে সবথেকে গুরুত্বপূর্ণ।
জুলাই মাসে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর জেলাতে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি জুলাইতে হয়েছে পূর্ব মেদিনীপুর জেলাতে (৬০৮ মিমি)। দক্ষিণ ২৪ পরগনাতে ৫৮২ মিমি, পশ্চিম মেদিনীপুরে ৫৮১ মিমি এবং উত্তর ২৪ পরগনাতে ৪৪১ মিমি বৃষ্টি হয়েছে। বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলাতে যে ব্যাপক ঘাটতি ছিল তার অনেকটাই পূরণ হয়েছে জুলাই মাসের বৃষ্টিতে। বাঁকুড়াতে ৪৫০ ও ঝাড়গ্রামে ৩৪৭ মিমি বৃষ্টি হয়েছে। পুরুলিয়া ও বীরভূমে জুন মাসে ২০০ মিমির কম বৃষ্টি হয়েছিল। জুলাই মাসে দুটি জেলাতে ২০০ মিমির বেশি বৃষ্টি হয়েছে। চাষের দিক দিয়ে গুরুত্বপূর্ণ পূর্ব বর্ধমান ও হুগলি জেলাতে জুলাইতে মোটামুটি বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ যথাক্রমে ৩২২ ও ২৮০ মিমি। দুটি জেলাতেই জুন মাসে ২০০ মিমির বেশি বৃষ্টি হয়েছিল। জুলাইতে ২০০ মিমির একটু কম বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে।