মাদ্রিদ: রবিবারই এমবাপে-ভিনিসিয়াসদের পরবর্তী কোচ হিসেবে তাঁর নাম ঘোষণা করেছিল রিয়াল মাদ্রিদ। সোমবার আনুষ্ঠানিকভাবে জাবি আলোন্সোর আত্মপ্রকাশ ঘটল। এদিন প্রাক্তন স্প্যানিশ মিডিওর হাতে ক্লাবের জার্সি তুলে দেন সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এরপর চুক্তিপত্রে সই করেন আলোন্সো। রিয়ালের দায়িত্ব নিয়েই শুরুতেই প্রাক্তন কোচ কার্লো আনসেলোত্তিকে ধন্যবাদ জানালেন তিনি। বললেন, ‘কার্লোর ছেড়ে যাওয়া শূন্যস্থান পূরণ করাটা আমার কাছে বড় সম্মানের। তিনি শুধু রিয়ালের প্রাক্তন কোচ নন, তাঁর অধীনে আমিও এই ক্লাবের জার্সি গায়ে চাপিয়েছি। তাই তাঁর ঐতিহ্য বহন করা মোটেই সহজ হবে না। আমি তাঁর দেখানো পথে হেঁটেই দলকে সাফল্য এনে দিতে চাই।’
ফুটবল জীবনে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলেছেন আলোন্সো। এই পর্বে লা লিগায় পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ জেতেন তিনি। রিয়াল ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন এই স্প্যানিয়ার্ড। সেখানে তিন বছর খেলার পর পেশাদার ফুটবলকে বিদায় জানান আলোন্সো। এরপর স্প্যানিশ ক্লাবটির যুব দলের হয়ে কোচিংয়ে হাতেখড়ি হয় তাঁর। তারপর বেয়ার লেভারকুসেনের দায়িত্ব নিয়ে ক্লাব ইতিহাসে প্রথম বুন্দেশলিগা শিরোপা এনে দেন তিনি। তাই আনসেলোত্তি রিয়াল ছাড়তেই, আলোন্সোকে বেছে নেন রিয়াল কর্তারা।
চলতি মরশুমে উয়েফা সুপার কাপ ছাড়া কোনও বড় সাফল্যের মুখ দেখেনি রিয়াল। তাই দায়িত্ব নিয়েই দলকে ফের সাফল্যের সরণিতে ফেরাতে বদ্ধপরিকর তিনি। বলেন, ‘আমাদের দারুণ দল। একাধিক দক্ষ ফুটবলার রয়েছে। তাই আমি নিশ্চিত, আবারও সাফল্যের সরণিতে ফিরবে রিয়াল। একইসঙ্গে সমর্থকদের আবেগকেও গুরুত্ব দিতে হবে।’