সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: ১৯ বছর বয়সি বধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর গ্ৰামে। পুলিস জানিয়েছে, মৃতার নাম আয়েশা খাতুন। পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্তে নেমেছে। শ্বশুর, শাশুড়ি, ননদ ও ভাসুর মিলে বধূকে খুন করে ঝুলিয়েছে বলে অভিযোগ।
অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলে সাতজনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা শেখ মেহেরুল। ঘটনার পর অভিযুক্তরা পলাতক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক বছর আগে রশিদপুর গ্রামের বাসিন্দা শেখ দিল্লোর সঙ্গে বিয়ে হয় সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের মিশ্রপাড়ার বাসিন্দা আয়েশা খাতুনের। তবে, মৃতার স্বামী বর্তমানে দিল্লিতে রাজমিস্ত্রির কাজে রয়েছেন। বিয়ের পর থেকেই স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা যৌতুকের জন্য তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। মৃতার বাবা শেখ মেহেরুল বলেন, বিয়ের সময় দেড় লক্ষ টাকা, একটি বাইক ও আসবাব দিয়েছিলাম। দানের কয়েকটা বাসনপত্র বাকি ছিল। সেগুলির জন্য ক্রমাগত চাপ দিচ্ছিল। কয়েকদিনের মধ্যে সেগুলি দিয়ে দেওয়ার কথা দিয়েছিলাম। তার মধ্যেই এই ঘটনা। মেয়ের নাকের পাশে রক্তের দাগ রয়েছে। মেয়েকে খুন করে ঝুলিয়ে দিয়েছে।
মৃতার দিদি লালি খাতুন বলেন, সন্তান না হওয়ার কারণে বোনকে মারধর করত তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। মেরে ফেলার হুমকি দিত। বোনকে পিটিয়ে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। বোনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিস।