সংবাদদাতা, বোলপুর: ফের চূড়ান্ত অব্যবস্থা ও চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল বোলপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
সংবাদদাতা, বোলপুর: ফের চূড়ান্ত অব্যবস্থা ও চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল বোলপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তিন দিন আগে হাসপাতালে ভর্তি হন এক প্রসূতি মহিলা। গর্ভস্থ শিশুর অবস্থা ভালো নয় বলে পরীক্ষার পরে জানান হাসপাতালের চিকিৎসক। এই পরিস্থিতিতে মায়ের জীবনের ঝুঁকি থেকে যাচ্ছে বলেও প্রসূতির পরিবারকে জানানো হয়। এই পরিস্থিতিতে চিকিৎসকের মরামর্শ মতো রবিবার রাতে হাসপাতালে ওই মহিলার গর্ভপাত করা হয়। এরপর তাঁকে সুস্থ বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সোমবার সকালে ছুটি দেওয়া হবে বলেও রোগীকে মৌখিক জানান তিনি। এমনই দাবি রোগীর পরিবারের ।
সোমবার সকালে হাসপাতালের শৌচালয়ে মৃত সন্তান প্রসব করেন ওই গর্ভবতী মহিলা। গর্ভে সন্তান থাকার পরেও কী করে ছুটি দেওয়ার কথা বললেন হাসপাতালের কর্তব্যরত ডাক্তার? প্রশ্ন তুলেছে রোগীর পরিবার। যে কারণে কর্তব্যরত ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্তদের শাস্তির দাবিতে এদিন সকালে হাসপাতাল চত্বরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় রোগীর পরিবার। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন শান্তিনিকেতন থানার ওসি সহ বিশাল সংখ্যক পুলিস। রোগীর পরিবারের বক্তব্য, সরকারি এই হাসপাতালটিতে ন্যূনতম চিকিৎসা পরিষেবা পাওয়া যায় না। অভিযুক্ত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানিয়েছে পরিবার। পাশাপাশি পুলিসের দ্বারস্থ হবে বলেও জানিয়েছে তারা।