নিজস্ব প্রতিনিধি, বরানগর: রাস্তা তৈরিতে দলের নেতার বিরুদ্ধেই ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ তুললেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। এনিয়ে পানিহাটি জুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। খোদ বিধায়কের মুখে তোলাবাজির অভিযোগকে ঘিরে পুরসভাতেও চাঞ্চল্য ছড়িয়েছে। এই অভিযোগ আসলে জেলা সভাপতি বনাম বিধায়কের লড়াই কি না, তা নিয়ে গেরুয়া শিবিরের অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।
পানিহাটির ২৯ নম্বর ওয়ার্ডের একটি রাস্তা সংস্কারকে ঘিরে বিতর্ক চরমে উঠেছে। ভাঙাচোরা ওই রাস্তায় সম্প্রতি নতুন করে ঢালাইয়ের কাজ শুরু হয়েছিল। অভিযোগ, ছ’ফুট চওড়া রাস্তা বহু জায়গায় কমিয়ে চার ফুট করা হয়েছে। ছয় ইঞ্চির ঢালাই দেওয়ার কথা থাকলেও কোথাও তা আড়াই ইঞ্চি, কোথাও তিন ইঞ্চি হয়েছে। ওই ওয়ার্ডে বিজেপির কো-অর্ডিনেটর লাল্টু দত্ত। তিনি দলের জেলা কমিটির সদস্য তথা জেলা সভাপতির ঘনিষ্ঠ। লাল্টুবাবু আদি বিজেপি হিসাবে পরিচিত। ওই রাস্তা সঠিকভাবে নির্মাণ হচ্ছে না, এই অভিযোগ তুলে কয়েকদিন আগে বিধায়ক রত্না দেবনাথের অনুগামীরা কাজ বন্ধ করে দিয়েছিলেন। পরে লাল্টুবাবু নিজে দাঁড়িয়ে থেকে কাজ শুরু করান। এনিয়ে ওই ওয়ার্ডে দুই গোষ্ঠীর তরজা চরমে ওঠে। মঙ্গলবার বিধায়ক রত্না দেবনাথ সাংবাদিকদের বলেন, ‘লাল্টু দত্তের নামে আমার কাছে অভিযোগ এসেছে। তিনি ঠিকাদারের থেকে টাকা নিয়েছেন। যাঁরা রাস্তার কাজের প্রতিবাদ করেছিলেন, তাঁদের ভয় দেখানো হচ্ছে। এলাকাবাসী আতঙ্কে রয়েছেন।’
এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে লাল্টু দত্তকে ফোন করা হলে তিনি বলেন, আমি দলের কর্মী। দলের অনুমতি ছাড়া কিছু বলব না। তবে পানিহাটিতে জেলা সভাপতির অনুগামীদের সঙ্গে যেভাবে বিধায়কের ঘনিষ্ঠদের আকচা-আকচি শুরু হয়েছে, তা নিয়ে সিঁদুরে মেঘ দেখছে রাজ্য নেতৃত্ব।



