Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটালের কাটান গ্রামে স্কুল চত্বরে মদ্যপান প্রতিবাদে যুবককে মারধরের অভিযোগ

রাতে স্কুলে মদের আড্ডা। প্রতিবাদ করায় মদ্যপদের বিরুদ্ধে  স্থানীয় এক যুবককে বেদম মারধর করার অভিযোগ উঠেছে।

ঘাটালের কাটান গ্রামে স্কুল চত্বরে মদ্যপান প্রতিবাদে যুবককে মারধরের অভিযোগ
  • ২৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: রাতে স্কুলে মদের আড্ডা। প্রতিবাদ করায় মদ্যপদের বিরুদ্ধে  স্থানীয় এক যুবককে বেদম মারধর করার অভিযোগ উঠেছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার কাটান গ্রামে। আক্রান্ত যুবক শান্তনু বাগ বলেন, প্রায় ১০-১২ জন মদ্যপ ব্যক্তি আমাকে এলোপাথাড়ি মারতে শুরু করে। রাতেই পুলিশকে ফোন করে বিষয়টি জানিয়েছি। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ হলে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ঘটনার কথা স্বীকার করেছেন ওই স্কুল কমিটি তথা গ্রামপঞ্চায়েত সদস্য শেখ নজরুল ইসলাম। তিনি  বলেন, শনিবার রাতেই ঘটনাটি শুনেছি। বর্তমানে রাজ্যের বাইরে রয়েছি। বাড়ি পৌঁছেই বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে কাটান প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি মাঠে কাটান বন্ধু মহল ক্লাবের উদ্যোগে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। খেলাটি শেষ হতে রাত প্রায় ১১টা বেজে যায়। শান্তনুর বাড়ি ওই একই গ্রামে। তিনিও দর্শক হিসেবে ছিলেন। তিনি বলেন, রাত সাড়ে ১১টার সময় যখন বাড়ি ফিরছি তখন দেখি স্কুলের চত্বরের মধ্যে ১২-১৪ জন ক্লাবের সদস্য মদপান করছেন।
ওই দৃশ্য দেখার পরই শান্তনু তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে মদের আড্ডা না বসানোর জন্য অনুরোধ করেন। কিন্তু শান্তনুর কথায় কোনও গুরুত্ব দেননি। স্কুল চত্বর থেকে বেরিয়ে ক্লাবেরই এক কর্মকর্তাকে শান্তনু ফের একই অভিযোগ করেন। শান্তনু বলেন, তখনই স্কুলের মধ্য থেকে মদ্যপ যুবকরা আমাকে এলোপাথাড়ি মার দিতে শুরু করে। আমি কোনওরকমে তাদের কাছ থেকে হাতছুট হয়ে বেরিয়ে এসে প্রাণ বেঁচে যাই। আক্রান্ত যুবক রাতেই বিষয়টি ফোন করে থানায় জানান। পুলিশকে জানানোর পরই ক্লাবের সদস্যরা আরও ক্ষিপ্ত হয়ে যান। রবিবার ক্লাবের সদস্যরা শান্তনুকে হুমকি দিচ্ছে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে পরিণতি আরও খারাপ হবে। শান্তনু বলেন,এই ভয়ে আমি থানায় লিখিত অভিযোগ জানানোর সাহস পাচ্ছি না।
এদিকে ওই ক্লাবের এক কর্মকর্তা বিকাশ মণ্ডল মদ্যপানের বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন, ওই ধরনের মারধরের কোনও ঘটনাই ঘটেনি। ক্লাবের সদস্যরাও স্কুলের মধ্যে মদপান করেননি। আসলে শান্তনু সন্ধ্যা থেকেই এলাকায় মদ্যপ অবস্থায় ঘুরছিল। খেলার সময়ও খেলোয়াড়দের নানাভাবে গালিগালাজ করছিল। এদিকে মনোহরপুর-২ গ্রামপঞ্চায়েত ওই সদস্যের কথায়, আমি কয়েক জনের কাছ থেকে খোঁজ নিয়ে  জেনেছি স্কুল চত্বরে শনিবার রাতে কিছু একটা ঘটেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ