সংবাদদাতা, হলদিয়া: হলদিয়া পেট্রোকেমের এআই ডেটা সেন্টার নির্মাণের জন্য দীঘায় জমি খোঁজার কাজ চলছে। সোমবার একথা জানালেন জেলাশাসক নিরঞ্জন কুমার। হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের (এইচডিএ) চেয়ারম্যান পদেও তিনি আছেন। সূত্রের খবর, ওই এআই ডেটা সেন্টার গড়ে তোলার জন্য প্রথমে হলদিয়ায় উপযুক্ত জমি খোঁজা হচ্ছিল। পেট্রকেমকে কয়েকটি জমির খোঁজও দেয় এইচডিএ কর্তৃপক্ষ। তবে কী কারণে হঠাৎ তা দীঘায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জানা যায়নি। বিশেষজ্ঞদের মতে, এআই ডেটা সেন্টারের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং প্রচুর জলের প্রয়োজন। হলদিয়ায় পেট্রকেমের নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও একাধিক বিকল্প বিদ্যুতের ব্যবস্থা এবং জল ছিল।
এদিন এইচডিএ ভবনে ১৪৯তম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে হলদিয়া শিল্পাঞ্চলের পরিকাঠামো উন্নয়ন, নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট মেরামত, বিদ্যুৎ-সহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়। শিল্প গড়ার জন্য বরাদ্দ জমি যারা তিন বছরের বেশি সময় ফেলে রেখেছে, তা ফিরিয়ে নেওয়ার নিয়ে আলোচনা হয়েছে। কারণ একাধিক শিল্প সংস্থা এইচডিএর কাছে জমি চেয়েও পাচ্ছে না বলে অভিযোগ দীর্ঘদিনের। এরফলে প্রকল্প ব্যয় বেড়ে যাচ্ছে।
জলমগ্ন হওয়ায় হলদিয়া শিল্পাঞ্চলের বহু রাস্তাঘাট নষ্ট হয়ে গিয়েছে। পুজোর আগে টেন্ডার করে সেই রাস্তা মেরামত করার জন্য এইচডিএ উদ্যোগ নিচ্ছে বলে চেয়ারম্যান জানিয়েছেন। তিনি বলেন, ‘নিকাশি নালাগুলির কিছু সংস্কার হয়েছে। ফলে জল সিংহভাগ জায়গায় নেমে গিয়েছে।’