Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইসলামপুর শহরে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ এক মহিলা ও দলবলের বিরুদ্ধে

এক মহিলার বিরুদ্ধে দলবল নিয়ে ইসলামপুর শহরের একটি বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠল।

ইসলামপুর শহরে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ এক মহিলা ও দলবলের বিরুদ্ধে
  • ৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ইসলামপুর: এক মহিলার বিরুদ্ধে দলবল নিয়ে ইসলামপুর শহরের একটি বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠল। প্রতিবাদে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শহরের মূল সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় ওই পরিবার ও একাংশ বাসিন্দা। শনিবার রাত ৮টা নাগাদ প্রবল বৃষ্টির মধ্যেই চলে এই বিক্ষোভ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‌ইসলামপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রাম করন একটি দোকান চালান। দোকান লাগোয়া তাঁর বাড়ি। সেখানে পরিবারের লোকজন থাকেন। শনিবার হঠাৎ রামের সৎ মা বাড়িতে হাজির হন। তিনি বাড়ি ও দোকানের ভাগ কিংবা তার বিনিময়ে টাকা দাবি করেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে ওইদিন দুপুরেই গণ্ডগোল হয়। রাতে এক মহিলা দলবল নিয়ে ওই বৃদ্ধাকে বাড়িতে ঢুকিয়ে দিতে গিয়েছিল। সেই সময় ফের গণ্ডগোল হয়।
রামের স্ত্রীর রুবি করন বলেন, ওই বৃদ্ধা আমাদের কেউ হন না। রাতে এক মহিলা দলবল নিয়ে আমাদের বাড়িতে চড়াও হন। গেট ভেঙে দেওয়া হয়। আমার গর্ভবতী মেয়েকে মারধর করে তারা। তারা ১৫-২০ লক্ষ টাকা দাবি  করেছে। প্রতিবাদে আমরা সড়ক অবরোধ করেছিলাম। 
অভিযুক্ত মহিলা রুমা ঝা ওরফে বেবি বলেন, আমরা একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালাই। ওই বৃদ্ধাকে বাড়ি থেকে মারধর করে বের করে দিয়েছে। তিনি আমাদের কাছে এসেছিলেন। বৃদ্ধার প্রয়াত স্বামী তাঁর নামে দোকান লিখে দিয়ে গিয়েছেন। আমরা ওই বৃদ্ধাকে বাড়িতে রাখতেই গিয়েছিলাম। কিন্তু সেখানে আমাদের মারধর করা হয়েছে। বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি থানায় জানিয়েছিলাম। পুলিস দু’পক্ষকে আলোচনায় বসতে বলেছিল। কিন্তু রামবাবুরা রাজি হননি। 
ইসলামপুর থানার এক পুলিস আধিকারিক জানিয়েছেন, দু’পক্ষই অভিযোগ করেছে। তদন্ত করা হচ্ছে। সড়ক অবরোধ করায় পুলিস অবরোধকারীদের বিরুদ্ধে মামলা করেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ