নিজস্ব প্রতিনিধি, আসানসোল: এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কুলটি থানার চিনাকুড়ি এলাকায়। মৃত ব্যক্তির নাম গোপাল মাহাত (৪৫)। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আততায়ীরা এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন তদন্তকারীরা। তাদের সন্ধানে তল্লাশি চলছে।
মৃতের পরিবারের অভিযোগ, গতকাল রাতে এলাকার বেশ কয়েকজন গোপালকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায়। এরপরে তাঁকে বেধড়ক মারধর করে চিনাকুড়ি ডিসপেনসারির কাছে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিস অচৈতন্য অবস্থায় গোপাল মাহাতকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চিকিৎসা চলাকালীন গভীর রাতে তাঁর মৃত্যু হয়।
এর আগেও গোপাল মাহাতের উপরে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে বলে তদন্তকারীদের জানিয়েছেন তাঁর স্ত্রী কোমল দেবী। কী কারণে গোপালকে খুন করা হল, তা তদন্ত করে দেখছে পুলিস।