সংবাদদাতা, বজবজ: রবীন্দ্রনগর থানার পাঁচুর লস্করপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘর দখল করে দলীয় অফিস চালান মহেশতলা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শাকিল আহমেদ। এমনই অভিযোগ করেছেন বিজেপির মেটিয়াবুরুজ ৩ নম্বর মণ্ডল কমিটির সভাপতি রাহুল দাস। ওই ওয়ার্ডের নাগরিক পরিষেবার বেহাল অবস্থা নিয়ে আলোচনার জন্য বুধবার দুপুরে রাহুলবাবু কাউন্সিলারের খোঁজ করেন। শেষমেশ তাঁকে পাওয়া যায় পাঁচুর লস্করপাড়া অবৈতনিক বিদ্যালয়ের ওই ক্লাসরুমে। সেখানে বসেই তিনি দলীয় কাজকর্ম চালাচ্ছিলেন।
কেন সরকারি স্কুলে তৃণমূল কাউন্সিলারের দলীয় কার্যালয় থাকবে, তা নিয়ে প্রশ্ন তোলেন রাহুলবাবু। এ নিয়ে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও ধাক্কাধাক্কি হয়। এরমধ্যেই কাউন্সিলারের অনুগতরা এসে বিজেপির মণ্ডল সভাপতিকে ঘিরে শাসানি দিতে থাকে। খবর পেয়ে আসে রবীন্দ্রনগর থানার পুলিশ। রাহুলবাবুর অভিযোগ, ধাক্কাধাক্কির সময় তাঁর গলা থেকে সোনার চেন ছিঁড়ে নিয়েছেন ওই কাউন্সিলার। এদিন সন্ধ্যায় তিনি বলেন, রবীন্দ্রনগর থানায় কাউন্সিলারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি। বিজেপির মণ্ডল সভাপতি বলেন, বিষয়টি তিনি শিক্ষামন্ত্রীর নজরে আনবেন। কী করে দিনের পর দিন প্রধান শিক্ষক ও স্কুল পরিদর্শকের চোখের সামনে এসব হচ্ছে? কাউন্সিলার শাকিল আহমেদ বলেন, পুরো অভিযোগই ভিত্তিহীন। উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হচ্ছে।