কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সিমডেগা: কিশোরী পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ। ঝাড়খণ্ডের শাসক জোটের শরিক কংগ্রেসের বিধায়ক ভূষণ বরার বিরুদ্ধে এই অভিযোগে দায়ের হয়েছে এফআইআর। এই ঘটনায় কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। তারা  অভিযুক্ত বিধায়ককে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। পালটা দু’জনের বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই কিশোরীকে অপহরণের পর চাপ দিয়ে বিধায়কের বিরুদ্ধে মিথ্যা বয়ান  দিতে বাধ্য করা হয়েছিল। ওই কিশোরীর দাদুই পাত্রটাঁড় থানায় ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সিমডেগার পুলিশ সুপার শ্রীকান্ত খোত্রে জানিয়েছেন, ওই দু’জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারা ও পকসো আইনে অভিযোগ দায়ের হয়েছে। তাঁদের মধ্যে একজন অনলাইন কনটেন্ট ক্রিয়েটর। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।  এর আগে ওই কিশোরী দাবি করে, নিজের বাড়িতে তাকে গত ৫ আগস্ট ধর্ষণ করেন ওই বিধায়ক। এর ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে মেডিকেল পরীক্ষার সময় সে জানতে পারে, তার গর্ভপাত হয়েছে। কিশোরীর আরও দাবি, তাকে স্কুলে ভরতি করার নামে বিধায়কের পরিবারের বাড়ির কাজে নিযুক্ত করা হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে রাঁচির ধুরওয়া থানায় ওই বিধায়কের বিরুদ্ধে পকসো আইন ও শিশুদের ন্যায়বিচার আইনে মামলা দায়ের হয়। বিধায়ক অভিযোগ অস্বীকার করেছেন। 

Advertisement