নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিপুর আদালত চত্বরে মহিলা আইনজীবীদের শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠেছে। এক বিচারপ্রার্থী মামলা শুনতে এসে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। এক মহিলা আইনজীবী আলিপুর থানায় অভিযোগ করলে পুলিশ শ্লীলতাহানি, ভয় দেখানো সহ একাধিক ধারায় কেস রুজু করে। তার ভিত্তিতে অভিযুক্ত রাজা সরকারকে শনিবার গ্রেপ্তার করেছে আলিপুর থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রাজা সরকার, তাঁর স্ত্রী এবং তাঁদের এক সহযোগী গত ৫ সেপ্টেম্বর আলিপুর আদালতে আসে। তাঁদের একটি মামলার শুনানি ছিল ওইদিন। শুনানি শেষে মহিলা আইনজীবীদের উদ্দেশে অশালীন মন্তব্যও করেন রাজা। পাশাপাশি আদালতের ভিতরে ভিডিয়োগ্রাফিও করছিলেন। এক মহিলা আইনজীবী তার প্রতিবাদ করেন। অভিযোগ, ওই সময় অশালীন ব্যবহার করে অভিযুক্ত ও তাঁর স্ত্রী। অভিযুক্তরা মহিলা আইনজীবীদের অশ্লীল ইঙ্গিত করেন বলে জানা গিয়েছে। এমনকি এক মহিলা আইনজীবীর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। আদালত থেকে বেরলে দেখে নেওয়ার হুমকিও দেন তিনি। অন্য আইনজীবীরা চলে এলে পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্তরা সেখান থেকে চম্পট দেন। এরপর এক মহিলা আইনজীবী আলিপুর থানায় শ্লীলতাহানি, ভয় দেখানো সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ কেস রুজু করে। তদন্তে নেমে পুলিশ আলিপুর থেকে রাজাকে গ্রেপ্তার করে।



