সংবাদদাতা, রঘুনাথপুর: পাড়া থানা এলাকায় এক বৃদ্ধাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্বামী, ছেলে ও বউমার বিরুদ্ধে। বর্তমানে ওই বৃদ্ধা অসহায়ভাবে রাস্তায় দিন কাটাচ্ছেন বলে দাবি। তিনি শুক্রবার পাড়া থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগকারী বৃদ্ধা রথী মাঝি বলেন, গত ২১ এপ্রিল বাড়িতে কাজ করছিলাম। সেই সময় স্বামী ছেলেকে সঙ্গে নিয়ে পরিকল্পনা মাফিক আমাকে মারধর করে। তাদের সঙ্গে বউমাও আমাকে মারধর করে। আমি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাই। বর্তমানে আমাকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। একজন অসহায় বৃদ্ধা হয়ে বাইরে দিন কাটাচ্ছি। বাধ্য হয়ে অভিযোগ দায়ের করেছি। যদিও অভিযুক্তদের দাবি, ছোট একটা পারিবারিক বিবাদ হয়েছিল। তাঁকে বাড়ি ফেরার জন্য অনুরোধ করেছি। কিন্তু, তিনি আসছেন না। পুলিস জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।