গড়িয়ায় সার্থক খুনে পুলিশকে বিপথে চালিত করছে প্রেমিকার মা, অভিযোগ
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, বারুইপুর: গড়িয়ার ফ্ল্যাটে খুনই হয়েছেন বারাসতের যুবক সার্থক সরকার। যিনি ধৃত আইনের ছাত্রী সঞ্চালিকা বসুর লিভ ইন পার্টনার। পুলিশের হাতে যে তথ্যপ্রমাণ এসেছে, তাতে এ নিয়ে নিশ্চিত তারা। যদিও দুর্ঘটনার তত্ত্ব দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন প্রেমিকার মা মৌমিতা বসু। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করলেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার (হেডকোয়ার্টার) সৌম্যজিৎ বড়ুয়া। তবে কী দিয়ে খুন করা হয়েছে যুবককে, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। অতিরিক্ত পুলিশ সুপার জানান, এদিন ফরেনসিক বিশেষজ্ঞরা ওই ফ্ল্যাটে গিয়েছিলেন। মা ও মেয়েকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করানো হয়। যে ঘরে এই কাণ্ড হয়েছে, সেখান থেকে একটি রক্তমাখা কাঁচি পাওয়া গিয়েছে। সেটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশের দাবি, এটাকেই হয়ত অস্ত্র হিসাবে খুনে ব্যবহার করা হয়েছে। ফরেনসিক দল আরও কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে।

Advertisement

সম্পর্কের টানাপোড়েনের কারণেই যে এই খুন, তা আগেই নিশ্চিত হয়েছিলেন তদন্তকারীরা। তবে আরও তথ্য উঠে এসেছে তাঁদের কাছে। তা হল, সার্থক ও তাঁর প্রেমিকা সঞ্চালিকা উভয়েই সন্দেহবাতিক ছিলেন। তাঁরা পরস্পরকে সন্দেহ করতেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় দু’জনেই একে অন্যের ওয়ালে নজরদারি চালাতেন। এই নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। এদিকে, প্রেমিকার দিদিমার দাবি, সার্থক গাঁজা খেত। যা তাঁর নাতনি পছন্দ করত না। এই নিয়েও আগে দু’জনের মধ্যে ঝগড়া হয়েছে। তবে ঘটনার সময় ওই ঘরে সার্থক ও সঞ্চালিকা ছাড়া আর কেউ ছিল না বলে দাবি করেছেন তিনি। তবে ঘটনার আগে মা ও মেয়ের মধ্যে একপ্রস্থ ঝগড়া হয়েছিল। দিদিমার দাবি, কলেজের ফি জমা দেওয়া নিয়েই অশান্তির সূত্রপাত। তাতে মায়ের গলায় আঁচড়ে দিয়েছিল মেয়ে।
এদিকে, পুলিশ এই ঘটনায় প্রেমিকার মায়ের ভূমিকাকে আতসকাচের নীচে রেখেছে। জেরায় মৌমিতার দাবি, ঘটনার সময় তিনি ছিলেন রান্নাঘরে। কিন্তু তাঁর এই দাবি বিশ্বাস হচ্ছে না পুলিশের। সৌম্যজিৎবাবু বলেন, এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন সঞ্চালিকার মা। পুলিশকে বিভ্রান্ত করছেন তিনি। ওই ফ্ল্যাটে সঞ্চালিকার দাদু ও দিদিমা থাকেন। তাঁদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। পুলিশের দাবি, তাঁরাও সবটা গুছিয়ে বলতে পারছেন না।