Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইস্কো সম্প্রসারণে প্রচুর কর্মসংস্থান দলের লোকদের নিয়োগে মরিয়া সবপক্ষ

ইস্কো সম্প্রসারণ নিয়ে কাজ পাওয়ার আশায় বুক বাঁধছে শিল্পাঞ্চলের যুব সমাজ।

ইস্কো সম্প্রসারণে প্রচুর কর্মসংস্থান দলের লোকদের নিয়োগে মরিয়া সবপক্ষ
  • ২৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ইস্কো সম্প্রসারণ নিয়ে কাজ পাওয়ার আশায় বুক বাঁধছে শিল্পাঞ্চলের যুব সমাজ। ৪০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ হতে চলেছে বার্নপুরের বৃহৎ ইস্পাত কারখানায়। কয়েক দশক ধরে ইস্কো শিল্পাঞ্চলের পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়ার বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। এবার নতুন করে কারখানা গড়ার কাজে প্রায় ১৫ হাজার ঠিকা শ্রমিক লাগবে। সেখানেই নিজেদের লোকজনদের কাজ পাইয়ে দিতে মরিয়া হয়েছে প্রায় সব রাজনৈতিক দলের নেতানেত্রীরা। ইতিমধ্যেই শাসক দলের স্থানীয় কাউন্সিলাররা আগেই একত্রিত হয়ে স্থানীয়দের কাজের দাবিতে ইস্কোকে হুশিয়ারি দিয়ে রেখেছে। এবার আগামী শুক্রবার একই ইস্যুতে ডিরেক্টর ইনচার্জ অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছে ডিওয়াইএফ। বিজেপিও নিজেদের লোক ঢোকানোর দাবিপত্র দিয়ে এসেছে। ইস্কোর জনসংযোগ আধিকারিক ভাস্কর কুমার বলেন, সম্প্রসারণের কাজের বরাত ঠিকা সংস্থাগুলিকে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁরা কাদের নিযুক্ত করবে সেটি ঠিকাদারদের বিষয়। 

Advertisement

তৃণমূল রাজ্য কমিটির সদস্য তথা কাউন্সিলার অশোক রুদ্র বলেন, আমরা কয়েকমাস ধরেই স্থানীয়দের কাজের দাবিতে সরব হয়েছি। আগে এলাকার যোগ্য লোকরা কাজ পাবে, তারপর বাইরের লোক নিয়োগ হবে। 
সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পার্থ মুখোপাধ্যায় বলেন, সব তৃণমূলের ছেলেরা কাজ পাবে আর যোগ্যরা বসে থাকবে তা হতে দেব না। আমাদের দাবি, শিল্পাঞ্চল ও বার্নপুর সংলগ্ন বাঁকুড়া, পুরুলিয়ার লোকদের কাজের প্রশিক্ষণ দিয়ে নিযুক্ত করতে হবে। শাসক দলের দাদাগিরি চলবে না। শুক্রবার একাধিক দাবি নিয়ে ডিওয়াইএফ আন্দোলন করবে। 
বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, আমাদের ছেলেরা যাতে ইস্কোয় কাজ পায় তারজন্য ইতিমধ্যেই কথা বলেছি। শুধু তৃণমূলীরাই কাজ পাবে এটা মানা হবে না। 
প্রতি গুরুত্বপূর্ণ নির্বাচনে কর্মসংস্থান বড় ইস্যু। তেমনই মিটিং, মিছিলে ভিড় করতে, নিজের অনুগামীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা কতটা জরুরি তা জানেন নেতারা। তাই বিভিন্ন ছোট কারখানায় কয়েকশো লোক নিয়োগ নিয়ে আন্দোলন, বিক্ষোভ লেগে থাকে। এখানে তো হাজার হাজার কর্মসংস্থানের বিষয়। তাই সলতে পাকাচ্ছে সবপক্ষই। ইস্কো কারখানাটি আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার অন্তর্গত। যার বিধায়ক বিজেপির অগ্নিমিত্রা পল। আসন ধরে রাখতে নিজেদের লোক ঢোকাতে মরিয়া গেরুয়া শিবির। আবার স্থানীয় পুরসভা, বরো অফিস থেকে কাউন্সিলার সবই তৃণমূল কংগ্রেসের। পিছুপা হচ্ছে না রাজ্যের শাসক শিবিরও। তাঁরা জানেন, দক্ষিণবঙ্গে কর্মসংস্থানের দিশা দেখতে পারে ইস্কো। জায়গা ছাড়তে নারাজ বাম ব্রিগেডও।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ