নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একদিকে অফিসারদের নামে রয়েছে একাধিক অভিযোগ। অন্যদিকে বিজেপি নেতাদের কথা মতো কাজ করছেন তাঁরা। বাংলায় বিধানসভা নির্বাচনের কাজে যুক্ত এমন অফিসারদের সম্পর্কে তথ্য ফাঁস করল তৃণমূল। যেখানে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে সরাসরি অভিযোগের আঙুল তুলে বলা হল, বিজেপি নেতাদের হাতের পুতুল ওই অফিসাররা।
বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ সায়নী ঘোষ। এই সাংবাদিক বৈঠক থেকেই বিধানসভা নির্বাচনের কাজে যুক্ত চার অফিসার সম্পর্কে একাধিক অভিযোগ এনেছেন তাঁরা। তৃণমূলের অভিযোগ, প্রথম, গাজোলের সাধারণ অবজার্ভার বা পর্যবেক্ষক করা হয়েছে ধীরাজ কুমারকে। মহারাষ্ট্রে স্বাস্থ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় ৮ হাজার কোটি টাকার বিশাল অ্যাম্বুলেন্স টেন্ডার কেলেঙ্কারিতে অভিযুক্ত তিনি। দ্বিতীয়, বনগাঁ দক্ষিণের সাধারণ পর্যবেক্ষক অজয় কাটেসারিয়া। সাতনার কালেক্টর থাকাকালীন ৪০ একরের বেশি সরকারি জমি বেআইনিভাবে বেসরকারি হাতে তুলে দেওয়ার অভিযোগে অভিযুক্ত তিনি। রেওয়া কমিশনারের রিপোর্টে তিনি দোষী সাব্যস্ত এবং তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। তৃতীয়, বালিগঞ্জের সাধারণ পর্যবেক্ষক করা হয়েছে গন্ডম চন্দ্রুডুকে। তিনি অন্ধ্রপ্রদেশে আদিবাসী কল্যাণ দপ্তরের ডিরেক্টর পদে থাকাকালে তাঁর বিরুদ্ধে আদিবাসীদের হয়রানির মামলা হয়েছিল। চতুর্থ, অরিন্দম ডাকুয়া, যিনি মধ্যমগ্রামের সাধারণ পর্যবেক্ষক। ওড়িশায় বিজেপির মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির ব্যক্তিগত সচিব হিসাবে কাজ করেছেন, যা স্পষ্টতই একটি রাজনৈতিক নিয়োগ।
এঁদের সম্পর্কে তৃণমূলের বক্তব্য, এই মানুষগুলোর উপরই নির্বাচন কমিশন বাংলায় অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে! ‘ভ্যানিশ’ কমিশন বিজেপির একটি নিয়োগকারী সংস্থায় পরিণত হয়েছে। বিজেপির প্রতি সক্রিয় অনুগতদের পর্যবেক্ষক নিয়োগ করছে। ‘ভ্যানিশ’ কুমার প্রতিদিন নির্লজ্জতার নিত্যনতুন নজির গড়ছেন।
ব্রাত্য বসু বলেন, দুর্নীতির অভিযোগ রয়েছে এবং বিজেপির ‘গদি’ লোকেদের বাংলায় পাঠানো হচ্ছে। প্রথম দিনে আমরা চারজন অফিসার সম্পর্কে তথ্য সামনে এনেছি। আগামী দিনে আরো কয়েকজনের সম্পর্কে তথ্য দেব। ইভিএমে ষড়যন্ত্র করবে বিজেপি, এমন সম্ভাবনা আমরা উড়িয়ে দিচ্ছি না। সাংসদ সায়নী ঘোষ বলেন, রাজ্য প্রশাসনে কর্মরত অফিসারদের ক্রমাগত বদলি করছে কমিশন। অন্যদিকে, ‘বিজেপির লোক’ বলে পরিচিত ব্যক্তিদেরই বাংলায় আনা হচ্ছে অবজার্ভার করে!