সংবাদদাতা, কান্দি: আজ, শুক্রবার কৌশিকী অমাবস্যায় কান্দির প্রাচীন দোহালিয়া দক্ষিণা কালীমন্দিরে রাতভর যজ্ঞ হবে। সম্ভাব্য ভিড়ের আঁচ করে বৃহস্পতিবারই চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে মন্দির কমিটি। মন্দির চত্বর আলোকসজ্জায় সাজিয়ে তোলার পাশাপাশি ভক্তদের নিরাপদে পুজো দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থাই তৈরি। মহিলা ভক্তদের জন্য হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রসঙ্গত, কয়েকশো বছরের প্রাচীন এই মন্দিরে প্রতিবছর কৌশিকী অমাবস্যায় ব্যাপক ভিড় হয়ে থাকে। শুধু স্থানীয় নয়, পার্শ্ববর্তী গ্রাম ও জেলা থেকেও প্রচুর ভক্ত আসেন। এ বছরও তার ব্যতিক্রম হবে না বলে ধারণা মন্দির কমিটির। মন্দিরের পুরোহিত বিকাশ চট্টোপাধ্যায় বলেন, এবার কৌশিকী অমাবস্যায় অগণিত ভক্তের মন্দিরে আসার সম্ভাবনা রয়েছে। সংখ্যায় যা প্রকাশ করা সম্ভব নয়। তবে এবছর ভিড় আগের বছরগুলির তুলনায় বেশি হবে। শুক্রবার দুপুর থেকেই বিশেষ পুজো শুরু হয়ে চলবে গভীর রাত পর্যন্ত।



