নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শতাব্দী প্রাচীন গালিফ স্ট্রিটের পোষ্য বাজারে সমস্ত ধরনের বেআইনি পাখি, মাছ, কুকুর ছানা-সহ অন্য পোষ্য বিক্রি বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ রবিবার থেকেই এই নির্দেশ কার্যকর করতে হবে। কলকাতা পুলিশ ও শুল্ক বিভাগের আধিকারিকদের এমনই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ। বিপন্নপ্রায় পশু-পাখির চোরাচালান রুখতে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল হাইকোর্ট। সেই মামলাতেই উঠে এসেছে যে, গালিফ স্ট্রিট বা বাগবাজার শখের হাটে দীর্ঘদিন ধরে বেআইনি কারবার চলছে। এমনকী বিপন্নপ্রায় পাখি থেকে শুরু করে বিরল শ্রেণির বিভিন্ন প্রাণির চোরাচালান হচ্ছে এই হাটের মাধ্যমে। সবটাই হচ্ছে লোকচক্ষুর আড়ালে। এর সঙ্গে বড় কোনো চক্রের যোগ থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।
বিষয়টি নজরে আসতেই কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, আজ রবিবার থেকে কোনো ধরনের বেআইনি পোষ্য হাটে বিক্রি করা যাবে না। শুধুমাত্র কলকাতা পুরসভা থেকে লাইসেন্স প্রাপ্ত বিক্রেতারাই ওই হাটে ব্যবসা করতে পারবেন। পাশাপাশি আদালত আরো জানিয়েছে, লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ীরা যে পোষ্য বিক্রি করছেন, তা আইনানুগ কি না, প্রতিটি ক্ষেত্রে তাও যাচাই করতে হবে পুলিশ অফিসারদের। যে কোনো ধরনের পোষ্য অর্থাৎ কুকুর, পাখি, মাছ– সব ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর করতে হবে বলে জানিয়েছে আদালত। এছাড়াও যে কোনো ধরনের চোরাচালান রুখতে শুল্ক বিভাগের অফিসারদের ছদ্মবেশে প্রতিনিয়ত ওই হাটে নজরদারি করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ব্রিটিশ আমল থেকে শুরু হওয়া এই হাট প্রথমে বসত হাতিবাগান এলাকায়। পরবর্তীতে যানজটের কারণে গালিফ স্ট্রিটে সরিয়ে দেওয়া হয়। সেই হাটেই এবার বেআইনি কেনাবেচা রুখতে বড়সড় পদক্ষেপ করল হাইকোর্ট।